রেলের যাত্রীসেবা বাড়েনি এতটুকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের মধ্যে দুই দফা ট্রেনের ভাড়া বাড়ানো হলেও যাত্রীসেবা বাড়েনি। আগের মতোই আছে বলে যাত্রীদের অভিযোগ। গন্তব্যে পৌঁছাতে বিলম্ব, টিকিট পেতে সমস্যা, কালোবাজার থেকে বেশি দামে টিকিট কেনা, অপর্যাপ্ত বিশ্রামাগার, ট্রেনের ভেতরের নোংরা বাথরুম এবং হকার ও ভিক্ষুকদের উৎপাতকে যাত্রীসেবার ক্ষেত্রে ব্যত্যয় বলে মনে করছেন রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা। সম্প্রতি সরেজমিনে ঘুরে এ তথ্য জানা গেছে।

২০১২ সালে যাত্রীসেবার মান বাড়ানোর কথা বলে ৫ থেকে ১১০ শতাংশ পর্যন্ত ট্রেনের ভাড়া বাড়ানো হয়। এ বছর ফেব্রুয়ারিতে বিভিন্ন রুটে ৭ থেকে ৯ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। এ বছর ভাড়া বেড়েছে ২০ থেকে ১৩০ টাকার মধ্যে।

কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নিয়মিত যাতায়াত করেন—এমন অর্ধশত যাত্রীর কাছে প্রশ্ন ছিল, নতুন করে ভাড়া বাড়ানোর পর যাত্রীসেবার মান বেড়েছে কি না? উত্তরে যাত্রীরা বলেছেন, ভাড়া বাড়ানোর পর সেবার মানে উন্নতি হয়েছে বলে তাঁদের মনে হয়নি। সবকিছু আগের মতোই আছে। তবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষÿযেসব ট্রেন (কর্ণফুলী, তিতাস, বলাকা, কমিউটার, মহুয়া ইত্যাদি) ব্যক্তিমালিকানায় ইজারা দিয়েছে, সেসব ট্রেনের যাত্রীরা সেবার ক্ষেত্রে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের চেয়ে ওই ট্রেনগুলোর পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট বলে উল্লেখ করেন।

কমলাপুরের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই। আমাদের সীমিত সম্পদে এই অধিক যাত্রীর পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। আমাদের যতটুকু সম্ভব, ততটুকু করছি।’ কালোবাজারে টিকিটের ক্ষেত্রে তিনি বলেন, ‘আমাদের কাউন্টারে যথেষ্ট টিকিট আছে এবং আমরা অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করেছি। এখন কেউ যদি কালোবাজারির কাছ থেকে টিকিট কেনে, তা হলে আমাদের কী করার আছে।’

কাজী রিফাত বেসরকারি একটি ব্যাংকে চাকরি করেন। যাচ্ছেন রাজশাহী। প্রথম আলোকে তিনি বলেন, ভাড়া বাড়ানোর পরও সেবার মান আগের মতোই। আর অনলাইনে টিকিট কাটতে কোনো ঝামেলা হয় কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, অনেকেই তো অনলাইন সম্পর্কে জানেন না।

সিলেটগামী ট্রেনের যাত্রী মোরশেদ আলম, রুমানা আক্তার ও মো. হারুনুর রশিদের অভিযোগ, যতসংখ্যক লোক টিকিট কেটে ওঠেন, তার ঠিক সমসংখ্যক লোক টিকিট ছাড়াই ওঠেন। তার ওপর হকার ও ভিক্ষুকদের অতিরিক্ত চাপ। এসব কারণে টয়লেটে পর্যন্ত যাওয়া যায় না। হারুনুর রশিদ বললেন, টিকিট অ্যাটেন্ডার ও পুলিশ অনেক সময় যাত্রীদের বলেন, টিকিট কাটা লাগবে না। এ কারণে অতিরিক্ত যাত্রী থাকেন। ময়মনসিংহগামী ট্রেনের যাত্রী সামিউলসহ অনেকেই বললেন, ‘কাউন্টারে গেলে বলে টিকিট নেই, কিন্তু যখন তাদের ১০-২০ টাকা বেশি দেওয়া হয়, তখন টিকিট দেয়।’ তাঁদের অভিযোগ, এটা জেলা শহর থেকে ঢাকায় আসার পথে কাউন্টারগুলোতে হয়।

নীল রতন সরকার এসেছেন মোহনগঞ্জ থেকে। কমলাপুর নামার পর জানতে চাই তাঁর ট্রেন যথাসময়ে এসেছে কি না? তিনি বলেন, ‘ট্রেন আসার কথা ছিল দুইটায়, ঢাকায় নামলাম সাড়ে তিনটায়। ট্রেন খুবই ধীরগতিতে চলছে।’

কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আগে যাত্রীরা স্টেশনে নামলে তাদের মালামালের নিরাপত্তা ছিল খুবই কম। কিন্তু এখন যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে; দু-একটা ঘটনা ছাড়া।’

স্টেশনমাস্টার নিপেদ্র সাহা প্রথম আলোকে বলেন, ভাড়া বাড়ানোর সঙ্গে সেবার কোনো সম্পর্ক নেই। তাঁরা সাধ্যমতো যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। নতুন নতুন কোচ আমদানি হচ্ছে। ইতিমধ্যে ট্রেনের শিডিউল ঠিক থাকছে প্রায় ৯৮ শতাংশ ক্ষেত্রে। আর বিনা টিকিটে যাঁরা ওঠেন, তাঁদের বিরুদ্ধে দ্বিগুণ জরিমানা করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।