রেসিডেন্সিয়ালের সাফল্যের পেছনে নিয়মশৃঙ্খলা
পাসের হার শতভাগ ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হাততালি। ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন—এমন ঘোষণার পর হাততালির মাত্রা আরও বাড়ল। কলেজের অধ্যক্ষ কর্নেল মো. কামরুজ্জামান খান যখন সর্বশেষ ঘোষণাটি দিলেন, তখন চারদিকে কেবল ঢাকঢোলের শব্দ। তিনি জানালেন, ‘রেসিডেন্সিয়াল ঢাকা বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় হয়েছে।’ গতকাল শনিবার এসএসসির ফলাফল ঘোষণার সময় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মিলনায়তনে এমন অবস্থার সৃষ্টি হয়। এতক্ষণ যারা প্রতিষ্ঠানের সাফল্যে উচ্ছ্বসিত ছিল, তারা তখন নিজ নিজ অবস্থান জানার জন্য মাঠে ছুটছে। এরপর একজন আরেকজনকে জড়িয়ে ধরা। শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম করা। এসবের ফাঁকে অভিভাবকেরা ফোনে ব্যস্ত। তাঁরা ছেলের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ একটি সিঁড়ি বা ধাপ পার হওয়ার কাহিনি অন্যদের শোনাচ্ছিলেন।প্রতিষ্ঠানটিতে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭১। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯০ জনই জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষায় ৩৯ জনের মধ্যে ২৮ জন এবং মানবিকে ৩৫ জনের মধ্যে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে। গতবার মেধাতালিকায় কলেজটির অবস্থান ছিল অষ্টম।কলেজের অধ্যক্ষ জানালেন, সুদক্ষ শিক্ষা প্রশাসন, শিক্ষকদের নিবিড় পাঠদান, অভিভাবকদের চেষ্টা এবং মূলত ছাত্রদের নিজেদের প্রচেষ্টা প্রতিষ্ঠানটির ভালো ফলাফলে সহায়ক ভূমিকা পালন করেছে।তৃতীয় শ্রেণী থেকে প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করা জিপিএ-৫ পাওয়া একজন শিক্ষার্থীর মা খালেদা আফরোজ বলেন, ‘প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ভালো, ছেলের ওপরও ভরসা ছিল, তাই এমন ফলাফল করবে তা অনেকটা নিশ্চিতই ছিলাম।’বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) কর্মরত এ বি এম সালেকুজ্জামান, রহিম আফরোজে কর্মরত আলী মাসুদ পারভেজ, গ্রামীণ ব্যাংকে কর্মরত মো. মজিবুর রহমান, চিকিৎসক শামীমা সুলতানাসহ অন্যান্য অভিভাবকও প্রায় একই কথা বললেন। তাঁদের মতে, এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা ছেলেদের মাদক, বখাটেপনা বা খারাপ কিছুর সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনা কম।জিপিএ-৫ পাওয়া আলী তানজীম বিন মাসুদ জানায়, শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকায় এবং বাসায় অভিভাবকদের তদারকির ফলে খারাপের দিকে ঝোঁকার সুযোগই পাওয়া যায় না। প্রতিষ্ঠানের শিক্ষকেরা অতিরিক্ত শাসন করেন কি না, জানতে চাইলে এই শিক্ষার্থীর সোজা উত্তর—উঠতি বয়সে যতটুকু শাসন করা দরকার ততটুকুই করেন শিক্ষকেরা।সাফায়েতের গর্বিত মা সাজিয়া বলেই ফেললেন, ছেলের এতটাই আত্মবিশ্বাস ছিল যে, সে তার সাফল্যের খবর মোবাইলে আগেই এসএমএসে লিখে রেখেছিল। ফলাফল জানার পর শুধু সবাইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।