রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা, গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাচেষ্টা, মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি-সংলগ্ন মালঞ্চ রেস্টুরেন্টের মালিকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটি কলেজ) শাখা ছাত্রলীগ। মামলার পর পুলিশ ওই রেস্টুরেন্টের ১৩ জনকে গ্রেপ্তার করেছে।কথা-কাটাকাটির জের ধরে গত শনিবার সন্ধ্যায় টিটি কলেজ শাখা ছাত্রলীগের সঙ্গে মালঞ্চ রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই রেস্টুরেন্টে ভাঙচুর চালান। সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলামীন সবুজসহ অন্তত চারজন আহত হন। আলামীনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বলেন, ঘটনার পর শনিবার রাত ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহবুবুল আলম বাদী হয়ে থানায় মামলা করেন। রেস্টুরেন্টের মালিক কামারুদ্দিন খোকনসহ তিনজনের নাম উল্লেখ করে ২৫-৩০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার এজাহারে হত্যাচেষ্টা, মারধর, বিস্ফোরক দ্রব্যের ব্যবহারসহ বিভিন্ন অভিযোগের কথা বলা হয়। এ ঘটনায় রেস্টুরেন্টের ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মালিকসহ নাম উল্লেখ করা তিনজনকে গ্রেপ্তার করা যায়নি বলে এসআই জানান।