রেস্তোরাঁয় খেতে খেতে বিমান দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ৩ নম্বর সেক্টরের নাটোর টাওয়ারের ১৫ তলায় ‘দ্য রয়েল কুজিন’ রেস্তোরাঁয় বসে খাওয়া–দাওয়ার পাশাপাশি বিমান ওঠা–নামাও দেখা যায়। ছবিটি তুলেছেন খালেদ সরকার
উত্তরা ৩ নম্বর সেক্টরের নাটোর টাওয়ারের ১৫ তলায় ‘দ্য রয়েল কুজিন’ রেস্তোরাঁয় বসে খাওয়া–দাওয়ার পাশাপাশি বিমান ওঠা–নামাও দেখা যায়। ছবিটি তুলেছেন খালেদ সরকার

রেস্তোরাঁর পরিবেশনকারী এসে টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন। প্লেটে খাবার তুলে মুখে দেওয়ার অপেক্ষা। এমন সময় ভেসে আসছে বিমানের প্রচণ্ড শব্দ। ছোটবেলার মতো আকাশের দিকে তাকাচ্ছেন বিমানের খোঁজে। আচমকা চোখের সীমানায় ধরা পড়ল ঢাউস আকৃতির বিমান। গতি কমিয়ে রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের ছাদখোলা বা রুফ টপ কয়েকটি রেস্তোরাঁয় বসে খেতে খেতে বিমানের ওঠা-নামা দেখা যায় প্রায়ই। কাছ থেকে বিমানের এমন ওড়াউড়ি দেখতে আগ্রহী ব্যক্তিরা ঢুঁ দিতে পারেন এসব রেস্তোরাঁয়।
উত্তরা ৩ নম্বর সেক্টরের নাটোর টাওয়ারের ১৫ তলায় ‘দ্য রয়েল কুজিন’। এই রেস্তোরাঁর ছাদে বসলে মনে হয়, পুরো বিমানবন্দরটাই যেন হাতছোঁয়া দূরত্বে। রেস্তোরাঁর লোকজন জানালেন, উত্তরায় বিমান ওঠা-নামার দৃশ্য সবচেয়ে কাছ থেকে দেখা যায় এই রেস্তোরাঁ থেকেই।
বেশ সবুজাভ আবহ আছে রেস্তোরাঁটিতে। বিমানবন্দরের দৃশ্য দিন ও রাতে উপভোগ করা যাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। দিনের বেলা বিমানবন্দর দেখতে এক রকম লাগবে, আর রাতের আলো-আঁধারিতে লাগবে অন্যরকম।

গত বুধবার বিকেলে দেখা যায়, এক দিক দিয়ে একটি বিমান নামছে। আরেকটি বিমান ওড়ার জন্য রানওয়ের দিকে ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। বিমানবন্দরের রাডার ঘুরছে বনবন করে। বিমানবন্দরের দিকে তাকিয়ে থাকতে হঠাৎ চোখের সীমানায় আসে নামতে থাকা বিমান। চমকে ওঠার মতো অভিজ্ঞতা।

ওড়ার জন্য রানওয়েতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ দৌড় শুরু করল একটি বিমান। যানবাহন ও হাজারো লোকের কোলাহল ছাপিয়ে ভেসে আসে বিমানের ইঞ্জিনের প্রচণ্ড শব্দ। সেটি না উড়তেই প্রস্তুত হচ্ছে আরেকটি বিমান। এক ঘণ্টায় ১৬-১৭টি বিমানের ওঠা-নামা দেখা গেল।

রেস্তোরাঁ থেকে চোখে পড়ে বিস্তৃত এয়ারপোর্টের সবুজ, ফাঁকা প্রান্তর। আরেকদিকে ঢাকার সারি সারি সুউচ্চ ভবন। একচিলতে সবুজও চোখে পড়ে না সেখানে। এ যেন ঢাকার বিপরীতধর্মী দুই রূপ একসঙ্গে দেখার অপূর্ব সুযোগ।

রেস্তোরাঁ ব্যবস্থাপক রেজা আমিন বললেন, বিমানের ওঠা-নামা দেখতে অনেকেই আসেন। বিশেষ করে শিশু-কিশোরেরা খুবই মজা পায়। দ্য রয়েল কুজিনে বুফে খাবারের ব্যবস্থা আছে। আনুষঙ্গিক খরচ বাদে দিনে ৫৫০ টাকা ও রাতে ৬৫০ টাকা। এ ছাড়া বিভিন্ন চীনা খাবারের স্বাদ নেওয়া যাবে এখানে।

৩ নম্বর সেক্টরেরই সিয়াম টাওয়ারের ১৫ তলায় অবস্থিত ‘মেইনল্যান্ড চায়না’ রেস্তোরাঁ। এখান থেকেও চোখে পড়ে বিমানবন্দরের বিস্তৃত রানওয়ে। কাচঘেরা রেস্তোরাঁটি সাজসজ্জায় কালোর প্রাধান্য চোখে পড়ার মতো। ইফতার ও রাতের খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আনুষঙ্গিক খরচ বাদে লাগবে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা। এ ছাড়া চীনা স্বাদের বিভিন্ন খাবারের দাম পড়বে ৩০০ থেকে ৯০০ টাকা।

উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের ২৫/ই বাড়ির ছয়তলার ছাদে রুফ টপ রেস্তোরাঁ ‘লেক টেরেস’। এই ছাদ থেকে পাশের লেক বেশ পরিষ্কার দেখা যায় আর তাই থেকেই রেস্তোরাঁর নামকরণ। বিমানবন্দরের অবস্থান কাছে হওয়ায় মাঝেমধ্যে বিমানের ওঠা-নামা দেখা যাবে।

লেক টেরেসের কাজুবাদামের সালাদ, পেস্তার স্বাদ মুখে লেগে থাকার মতো। সালাদ ২৯৫ টাকা আর ৩৪৫ টাকা থেকে পেস্তার দাম শুরু। রেস্তোরাঁর ব্যবস্থাপক সোহেল রানা জানালেন, লেক টেরেসে বিফ স্টেকের আটটি পদ পাওয়া যায়। দাম শুরু হাজার টাকা থেকে। আর লেক টেরেস থেকে বিমান দেখতে হলে খোলা ছাদে বসতে হবে বেশ কিছুক্ষণ।