রেস্তোরাঁ ধূমপানমুক্ত করার প্রজ্ঞাপন আসছে এক মাসের মধ্যেই
সব রেস্তোরাঁ ধূমপানমুক্ত ও জনসমাগমস্থল (পাবলিক প্লেস) করতে এক মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘রেস্তোরাঁসমূহকে ধূমপানমুক্ত ঘোষণা ও ধূমপানের পরোক্ষ ক্ষতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির যৌথ উদ্যোগে এবং ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়। বিমানমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র এবং কিশোরদের মধ্যে ধূমপানের প্রবণতা বেশি। তাই এ পর্যায়ে গণসচেতনতা দরকার। ইতিমধ্যে তামাকজাতীয় পণ্যের ওপর কর বাড়াতে কেবিনেট অর্থমন্ত্রীকে অনুরোধ করেছে।’ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কমর উদ্দিন আহমেদ বলেন, ‘আজ (শনিবার) থেকে আমাদের সব রেস্তোরাঁ ধূমপানমুক্ত ঘোষণা করছি।’সেমিনারে বক্তারা বলেন, প্রতিবছর বাজেটে তামাকজাতীয় পণ্যের কর না বাড়িয়ে প্রকৃত মূল্য বাড়িয়ে এসব পণ্যের মূল্যবৃদ্ধি দেখানো হয়। এতে তামাক কোম্পানিগুলো উৎসাহিত হয়। মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই পণ্যের প্রকৃত মূল্য কমিয়ে কর বাড়ালে তামাক কোম্পানি ও উৎপাদনকারীরা নিরুৎসাহিত হবে এবং সরকারও বেশি কর পাবে। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানজনিত কারণে মারা যায়। এই হার বিশ্বে দ্বিতীয়। তামাকে প্রায় সাত হাজার রকমের রাসায়নিক পদার্থ রয়েছে, যার ৬৯টি ক্যানসারের জন্য সরাসরি দায়ী। ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আমিনের সভাপতিত্বে সেমিনারে সাংসদ আসাদুজ্জামান খান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব রেজাউল করিম সরকার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের অ্যাডভোকেসি ও মিডিয়া কো-অর্ডিনেটর তায়েফুর রহমান বক্তব্য দেন।