হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার দায়ে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) দালাল চক্রের নয় সদস্যকে ১০ দিন থেকে দুই মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন জহির উদ্দিন, মামুন মিয়া, বাশার, নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম, মাজেদা, ইয়াসমিন, মালেকা খাতুন ও হাজেরা খাতুন। এঁরা কেউই হাসপাতালের কর্মচারী নন।
র্যাব সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে নিরীহ রোগী ভাগিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে আসার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে পঙ্গু হাসপাতালের আশপাশে এই চক্র বেশি সক্রিয়। তাঁরা সাধারণ মানুষকে ভালো চিকিৎসার লোভ দেখিয়ে ক্লিনিকে নিয়ে যান।
র্যাব সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলালউদ্দিনের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পঙ্গু হাসপাতালের সামনে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের কম টাকায় চিকিৎসা করানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর দায়ে নয়জনকে ১০ দিন থেকে দুই মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন বলেন, সাজা পাওয়া ব্যক্তিরা নিজেদের অপরাধ স্বীকার করে বলেছেন, তাঁরা ক্লিনিকের কাছ থেকে কমিশন নিয়ে পঙ্গু হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ওই সব ক্লিনিকে নিয়ে যান।
অভিযোগ, বেসরকারি ক্লিনিকের মালিকানা কিংবা কমিশনের চুক্তিতে রোগী ভাগিয়ে নেওয়ার সঙ্গে সরকারি হাসপাতালের অনেক চিকিৎসকও জড়িত। তাঁরাই সরকারি স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষকে ঠেলে দেন বেসরকারি ক্লিনিক ও দালালের খপ্পরে। ভালো চিকিৎসা ও টেস্টের নামে ক্লিনিক, ফার্মেসিতে পাঠিয়ে পকেট কাটা হয়। দেখা যায়, স্বল্প খরচে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষ নিজের অজান্তেই চিকিৎসক ও দালালদের খপ্পরে পড়ে বিক্রি হয়ে যান। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত দালালবিরোধী অভিযান চালালেও নেপথ্যের নায়কেরা সব সময় থেকে যান ধরা-ছোঁয়ার বাইরে।