রোগনির্ণয় কেন্দ্রের তিন কর্মী আটক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক সেন্টার) তিন কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে হাসপাতালের ওয়ার্ডে ঢুকে রক্তের নমুনা সংগ্রহের সময় তাঁদের আটক করা হয়। আটকের কিছুক্ষণের মধ্যেই তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।আটককৃতদের ছেড়ে দেওয়ার ব্যাপারে পুলিশ বলছে, ঢাকা মেডিকেল থেকে ফোন করে তাঁদের ছেড়ে দিতে বলা হয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ রকম বলার কথা নয়। কারণ, ঢাকা মেডিকেলে তাঁদের উদ্দেশ্য ছিল বেআইনি।আটক হওয়া ব্যক্তিরা হলেন সাইদুর রহমান, নুরুল ইসলাম ও আবুল কাশেম। তাঁরা নিজেদের দুটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের কর্মী বলে দাবি করেছেন।হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে ওই তিনজন ১৯ নম্বর ওয়ার্ডে ঢুকে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করছিলেন। এ সময় ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখে হাসপাতালের পরিচালক তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাঁদের হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। পরে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।সূত্র জানায়, ঢাকা মেডিকেলে রোগীদের রক্তসহ সব রকম পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তার পরও বিভিন্ন বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের কর্মী ও দালালেরা ওয়ার্ডগুলোতে ঘুরে ঘুরে রোগীর স্বজনদের ফুসলিয়ে রক্ত, মলমূত্রসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরে সেগুলো তাঁরা তাঁদের পরীক্ষা করাতে বাধ্য করেন। এ জন্য রোগীদের দিতে হয় কয়েকগুণ বেশি টাকা। দালাল আর কর্মীরা ওই টাকার ভাগ পান।এদিকে শাহবাগ থানায় হস্তান্তরের কিছুক্ষণের মধ্যেই ওই তিনজনের মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ। শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, তাঁদের থানায় আনার পর হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তাই তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দিতে বলায় ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, ‘আমরা পুলিশকে ও রকম (ছেড়ে দিতে) কিছু বলিনি। তাঁরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান। তাঁরা তো নমুনা সংগ্রহ করতে হাসপাতালেই ঢুকতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘আমরা তাঁদের ধরে পুলিশকে দিয়েছি। এর পরের সিদ্ধান্ত তো পুলিশকে নিতে হবে।’