রোগাক্রান্তদের ৬১ শতাংশ অসংক্রামক ব্যাধির শিকার
দেশে রোগে আক্রান্ত মানুষের ৬১ শতাংশ হূদেরাগ, শ্বাসতন্ত্রের জটিলতা, ক্যানসার ও ডায়াবেটিস—এসব অসংক্রামক রোগের শিকার। হাসপাতালের রোগীদের এক-তৃতীয়াংশই অসংক্রামক রোগ নিয়ে ভর্তি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশে অসংক্রামক রোগের ব্যাপক বিস্তার ঘটছে। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ তথ্য দেন। ‘বাংলাদেশে অসংক্রামক ব্যাধি পর্যবেক্ষণ ও প্রতিরোধে কৌশলগত পরিকল্পনা ২০১১-২০১৫’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওই সেমিনারে জাতীয় অধ্যাপক এম এ মালিক বলেন, ২০১০ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বকে সতর্ক করে বলেছিল, অসংক্রামক ব্যাধির বিস্তার বন্ধ না করলে অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি অরুণ বি থাপা বলেন, অসংক্রামক ব্যাধি ধনী দেশগুলোর রোগ, এই ধারণা এখন ‘মিথ’-এ পরিণত হয়েছে। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো এখন এসব রোগের পীঠস্থানে পরিণত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক এম এ ফয়েজ অনুষ্ঠানে কৌশলগত পরিকল্পনার সারাংশ উপস্থাপন করেন। তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরের জন্য যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে, তাতে চিকি ৎ সাসেবা গ্রহণের ক্ষেত্রে অসাম্য দূর করার চেষ্টার কথা বলা রয়েছে। স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর বলেন, একটা সময় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে প্রচুর বিনিয়োগ হয়েছে। অসংক্রামক ব্যাধির বিস্তার এখন নতুন করে শঙ্কা তৈরি করেছে। অসংক্রামক রোগের চিকি ৎ সা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের দরিদ্র ও মধ্যবিত্তরা সাধারণ রোগের চিকি ৎ সা করাতেই হিমশিম খায়।স্বাস্থ্যসচিব আরও বলেন, ধূমপান অসংক্রামক ব্যাধির অন্যতম কারণ। বাংলাদেশে ধূমপান রোধের যে আইন তা যথেষ্ট শক্তিশালী নয়। সেটি শক্তিশালী করার চেষ্টা চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অসংক্রামক ব্যাধি কর্মসূচির লাইন ডিরেক্টর খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর ১২ দশমিক ৫ শতাংশের কারণ হূদেরাগ এবং ৬ দশমিক ২ শতাংশের কারণ ডায়াবেটিস। মানুষ ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে, বেশির ভাগ মানুষের খাদ্যাভ্যাস ভালো নয়। প্রচুর শাকসবজি খাওয়ার পরিবর্তে বাংলাদেশের মানুষ প্রতিদিন ৫৮ শতাংশ ভাত ও ১৬ শতাংশ চর্বিযুক্ত খাবার গ্রহণ করছে। অসংক্রামক ব্যাধি কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক এ কে এম জাফর উল্যাহ বলেন, অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকার তিনটি উপজেলায় দিশারী প্রকল্প চালু করেছে। এসব উপজেলায় জনগণকে সচেতন করা, জনবলকে প্রশিক্ষিত করা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক ব্যাধি কেন্দ্র (এনসিডি কর্নার) চালু করা হয়েছে।