রোববার থেকে রাসায়নিক অপসারণে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ দাহ্য রাসায়নিক অপসারণে আগামী রোববার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে। প্রাথমিক পর্যায়ে একটি দল এই অভিযানে অংশ নেবে। এরপর পর্যায়ক্রমে নগরের বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হবে।সরকারি একাধিক দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নগরের আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম ও কারখানা স্থাপনের জন্য যেসব অনুমোদন সনদ বা অনাপত্তি সনদ দেওয়া হয়েছে, তা আপাতত নবায়ন না করা এবং নতুন সনদ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদন সনদ গ্রহীতা প্রতিষ্ঠানের একটি তালিকা এবং সনদবিহীন অবৈধ রাসায়নিক গুদাম ও কারখানার তালিকা প্রস্তুতের প্রক্রিয়া চলছে।গত ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে দাহ্য রাসায়নিকের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১২৫ জন নিহত হয় এবং ১১টি ভবন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এরপর সরকার আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ দাহ্য রাসায়নিক অপসারণের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার নগরের আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিকের গুদাম ও কারখানা অপসারণের সময়সীমা শেষ হয়।পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্ধারিত সময় শেষ হলেও রাসায়নিক অপসারণে তেমন অগ্রগতি হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, রাসায়নিক অপসারণের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। নির্ধারিত সময়ের পরও যাঁরা রাসায়নিক অপসারণ করেননি, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী রোববার থেকে অবৈধ দাহ্য রাসায়নিক অপসারণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।জেলা প্রশাসক জানান, নগরের আবাসিক এলাকা ঝুঁকিমুক্ত করতেই এ অভিযান পরিচালিত হবে। প্রথমে একেকটি এলাকা ধরে এ অভিযান চালানো হবে। পর্যায়ক্রমে সব আবাসিক এলাকাতেই অভিযান চলবে। তবে এই মুহূর্তে জেলা প্রশাসনে অবৈধ ঝুঁকিপূর্ণ রাসায়নিকের গুদাম বা কারখানার তালিকা নেই।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৬ জুন আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ঢাকা মহানগরের আবাসিক এলাকা থেকে অবৈধ রাসায়নিকের গুদাম ও কারখানা অপসারণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। টাস্কফোর্স গঠনের পর গত ১৬ ও ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুটি সভা অনুষ্ঠিত হয়।টাস্কফোর্সের সদস্যরা জানান, প্রথম সভায় ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), বিস্ফোরক পরিদপ্তর, দমকল বাহিনী ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা স্থাপনের জন্য যেসব অনুমোদন সনদ বা অনাপত্তি সনদ দেওয়া হয়েছে, সেগুলো আপাতত নবায়ন না করা ও নতুন সনদ না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।এ ছাড়া দাহ্য রাসায়নিক পদার্থের একটি তালিকা প্রস্তুত করার জন্য দমকল বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। দমকল বাহিনী টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী ২০টি ঝুঁকিপূর্ণ দাহ্য রাসায়নিকের তালিকা প্রস্তুত করেছে। এরই মধ্যে এই তালিকা শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর ছাড়াও পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ীদেরও দেওয়া হয়েছে।গত ১৭ আগস্ট শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তাঁর মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রাসায়নিক ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জানিয়ে দেন, ৩০ সেপ্টেম্বরের পর যদি দাহ্য রাসায়নিক অপসারণ করা না হয়, তাহলে টাস্কফোর্স আইনানুযায়ী ব্যবস্থা নেবে। গত বুধবার মন্ত্রী প্রথম আলোকে বলেন, গতকালের পর আর সময় বাড়ানো হবে না। এখন যেখানেই দাহ্য রাসায়নিক পাওয়া যাবে, এর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।