র‌্যাব ও ডিবির অভিযানে ১৮ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গাড়ি ও সরঞ্জামসহ ১৮ সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার এ দুটি অভিযান চালানো হয়।রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে ডিবি। আর উত্তরখান এলাকায় ডাকাতির প্রস্তুতি সময় রোববার গভীর রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এঁরা ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় ডাকাতি করতেন বলে জানিয়েছে র‌্যাব ও ডিবি।গতকাল সকালে মহানগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১১ ডাকাতকে সাংবাদিকদের সামনে আনা হয়। এঁরা হলেন মকবুল হোসেন (৬০), জাহের আলী (৪৬), ফারুক হোসেন (৩২), বারেক (৩৯), নাসির (৬৫), মোজাম্মেল (৪২), হানিফ (৩২), শুকুর (৩২), আবুল কাশেম (৩০), জসীমউদ্দীন (২৭) ও এস এম রফিকুল ইসলাম। গ্রেপ্তার হওয়া ডাকাতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহূত পিকাপ ভ্যান, ছোরা, কপিকল, ডালরেঞ্চ, স্লাইরেঞ্চ, প্লায়ার্স, স্ক্রু-ডাইভার, হ্যাক্সো ব্লেড, নাইলনের রশি, তামার তার, ইলেকট্রিক মোটর, ট্রান্সফরমার ইত্যাদি উদ্ধার করা হয়েছে।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার ছানোয়ার হোসেন জানান, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালিয়ে প্রথম ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবপুর রোডের পাহলোয়ান ইলেকট্রিক মার্কেটের জহুরা ইলেকট্রনিকস থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দোকান থেকেই ডাকাতি করা মালামালগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাতদের মধ্যে মকবুল ডাকাতের সর্দার ও জাহের আলী দলের উপ-অধিনায়ক হিসেবে কাজ করতেন। কারিগরি বিষয়ে দক্ষ ফারুক ডাকাতির সময় ইলেকট্রিক জিনিসপত্র খুলে নেওয়া ইত্যাদির ক্ষেত্রে মুখ্য ভুমিকা পালন করতেন।পৃথক অভিযানে রোববার গভীর রাতে র‌্যাবের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে উত্তরখান মাজার রোডের ভূঁইয়াবাড়ি এলাকা থেকে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে। এঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন মাসুদ (২২), রাসেল (২০), সেহেল (২০), নাসিরউদ্দীন (২২), জুয়েল (২০), নাদিম (১৯) ও ইসমাইল (২২)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুটি ককটেল, তিনটি গুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল সাংবাদিকদের বলেন, ‘এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়েছে।’