র্যাব ও পুলিশের দুই তথ্যদাতার পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
র্যাব ও পুলিশের দুই তথ্যদাতাকে একটি কক্ষে আটকে রেখে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় মো. নাসির ও মো. রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর কচুক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় একদল সন্ত্রাসী কচুক্ষেত এলাকা থেকে পুুলিশের সোর্স নাসির ও রানাকে ধরে স্থানীয় ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। তারা পিটিয়ে দুজনের পা ভেঙে ফেলে। স্থানীয় লোকজন ঘটনাটি কাফরুল থানায় জানায়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন নাসির জানান, তিনি ও রানা কচুক্ষেতে মাছ বিক্রির পাশাপাশি কাফরুল থানা ও র্যাব-৪-এর সোর্সের কাজ করেন। চার-পাঁচ মাস আগে কাফরুল ময়লাপট্টিতে র্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। র্যাবের অভিযানে স্থানীয় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ধরে নিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। এ ব্যাপারে কাফরুল থানার ওসি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।