র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার
র্যাবের ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে শাহ আলম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে র্যাব-৩-এর একটি দল রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে।র্যাব-৩-এর লেফটেন্যান্ট জারার হোসাইন জানান, তাঁদের কাছে অভিযোগ ছিল শাহ আলম নিজেকে র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করছেন। এরপর তাঁরা শাহ আলমের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। এতে দেখা যায়, ওই ব্যক্তি ফকিরাপুলের হোটেল আল ফয়সালের একটি কক্ষে অবস্থান করে প্রতারণা করছেন। তিনি মোবাইল ফোনে বিভিন্ন মানুষের কাছে নিজেকে ক্যাপ্টেন পরিচয় দেন। এরই মধ্যে শেরপুরের নূর আমিনের কাছ থেকে বিদেশি জাহাজে চাকরি দেওয়ার নাম করে ৩৬ হাজার টাকা এবং যশোরের আসিফ আল হাসানকে কাস্টমসে চাকরি দেওয়ার নাম করে এক লাখ ৩২ হাজার টাকা নেন। গত সোমবার রাতে র্যাবের একটি দল আল ফয়সাল আবাসিক হোটেলের চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের গড্ডা গ্রামে।