র্যাব সেজে ছিনতাই তিন সদস্য গ্রেপ্তার
কেউ একজন ব্যাংক থেকে টাকা তুলে বেরোনোর কিছুক্ষণ পরই তাকে আটকায় একদল র্যাব। কালো পোশাক, সানগ্লাস, কোমরে ঝুলছে পিস্তল ও হাতকড়া, হাতে ওয়াকিটকি। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিরুদ্দেশ হয়ে যায় র্যাবের দলটি। এরপর সব ছিনিয়ে নিয়ে লোকটিকে ফেলে দেওয়া হয় রাস্তার পাশে কোনো এক জায়গায়। এভাবেই র্যাব সেজে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল তারা। গত শনিবার গভীর রাতে কাঁচপুর ব্রিজের পাশ থেকে এ রকম ‘ভুয়া র্যাব’ চক্রের তিনজনকে গ্রেপ্তার করে র্যাব-৩।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মোতাহার হোসেন (৩৮), আলমগীর হোসেন সাজু (৪০) ও মোশাররফ হোসেন (৩৭)। তাঁদের দলনেতা মোতাহার নিজেকে র্যাবের মেজর মাসুদ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাঁদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি (৭.৬৫ এমএম) বিদেশি পিস্তল, একটি হাতকড়া, র্যাবের মতো কালো জামা-প্যান্ট, তিনটি কালো ফিল্ড ক্যাপ, একটি ওয়াকিটকি ইত্যাদি উদ্ধার করা হয়। গত শনিবার রাত আড়াইটার দিকে মেজর রেদওয়ানুল ইসলাম ও ক্যাপ্টেন রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে। র্যাব কর্মকর্তারা জানান, মতিঝিল ও মিরপুর এলাকায় বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জে তাদের লোক রয়েছে। কেউ এসব জায়গা থেকে টাকা তুলে বের হলে ওই প্রতিষ্ঠানগুলোর কোনো কর্মকর্তা এই ছিনতাইকারীদের জানিয়ে দেন। লোকটি টাকা তুলে বের হওয়ার পর দৈহিক গড়ন ও পোশাক অনুযায়ী মিলিয়ে ছিনতাইকারীরা তাকে অনুসরণ করে। একসময় হঠাৎ লোকটির সামনে এসে দাঁড়ায় একটি মাইক্রোবাস। মাইক্রোবাসের আরোহী কালো পোশাক পরা র্যাব সদস্যরা টাকা তুলে আনা লোকটিকে গ্রেপ্তার করে মাইক্রোবাসে তোলে। শিকারের মনে ভয় সৃষ্টি করতে তার চোখ বেঁধে ফেলা হয়, হাতে লাগানো হয় হ্যান্ডকাপ। একপর্যায়ে বিভিন্ন রাস্তা ঘুরিয়ে তাকে কোনো এক জায়গায় গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। তার ঠিকানা রেখে হুমকি দেওয়া হয় যে বিষয়টি থানায় জানালে তাকে ‘ক্রসফায়ারে’ দেওয়া হবে।এর আগে গত ৭ জুন র্যাবের মতো কালো রঙের মাইক্রোবাস, পোশাক, অস্ত্রসহ ধরা পড়েছিলেন আটজন ভুয়া র্যাব। সেই দলের নেতা শফিক একসময় মোতাহারের সঙ্গে কাজ করতেন। পরে টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে শফিক আলাদা দল গঠন করেন। ঢাকার বাইরে সিলেটেও এ রকম ভুয়া র্যাবের তৎপরতা রয়েছে বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন।