র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬ দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। অভিযানের সময় র‌্যাবের ওপর হামলার চেষ্টা চালালে র‌্যাবের গুলিতে দুজন গুলিবিদ্ধ হন। র‌্যাব জানিয়েছে, গতকাল রোববার দুপুরে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আহত হওয়া দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: শাহ আলম (২৮), হাফিজ উদ্দিন (২০), মহিউদ্দিন (২০), সজীব রায়হান (১৯), আইয়ুব আলী (২২) ও মো. জামাল (১৮)। তাঁদের মধ্যে শাহ আলম ও হাফিজ উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি খেলনা রিভলবার ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।র‌্যাবের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালান র‌্যাব-১-এর সদস্যরা। একপর্যায়ে দুজন র‌্যাবের ওপর হামলা চালানোর চেষ্টা করলে র‌্যাবের সদস্যরা তাঁদের ওপর গুলি ছোড়ে। এতে দুজন আহত হন।