র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে ইয়াবা ও চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩-এর একটি দল শুক্রবার মতিঝিলের বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে ৫০ লিটার চোলাই মদসহ আবদুর রশীদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। একই দিন র‌্যাব-৩-এর সদস্যরা সবুজবাগ থানার মুগদা পানির ট্যাংকির সামনে অভিযান চালিয়ে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এর সঙ্গে জড়িত অভিযোগে রাকিব ওরফে রকি (১৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। একইভাবে র‌্যাব-৪-এর একটি দল সাভারের আমিনবাজারে অভিযান চালায়। সেখান থেকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেন রাহাদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। একই দিন শুক্রবার র‌্যাব-৪-এর অপর একটি দল পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কে একটি বাড়ির সামনে থেকে সোহেল রানা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।