র্যাবের এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
আইনবহির্ভূতভাবে থানায় না দিয়ে ২৭ ঘণ্টা আটক রাখার অভিযোগে র্যাবের এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ কর্মকর্তা হলেন র্যাব-৩-এর তৎকালীন লেফটেন্যান্ট মোহাম্মদ ফিরোজ খান।গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৪ সালের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লার মোহাম্মদ দোলন নামের এক ব্যক্তিকে আটক করেন র্যাব-৩-এর তৎকালীন লেফটেন্যান্ট মোহাম্মদ ফিরোজ খান। র্যাবের অস্ত্র মামলায় তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। তিনি এর বিরুদ্ধে আপিল করেন। গতকাল আপিলের রায় ঘোষণা করা হয়।সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মোহাম্মদ মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, সংবিধানের ৩৩(২) অনুচ্ছেদ অনুসারে, আসামিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। কিন্তু দোলনকে গ্রেপ্তারের ২৭ ঘণ্টা পর থানায় এবং ৪৮ ঘণ্টা পর আদালতে হাজির করা হয়। এ কারণে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দোলনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।