র্যাবের গুলিতে যুবক নিহত
রাজধানীর ভাসানটেক এলাকায় গত রোববার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহীদ ওরফে জামাই শহীদ (২৬) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত শহীদ একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি। তবে তাঁর পরিবারের দাবি, শহীদ সাভার এলাকায় তৈরি পোশাক কারখানায় পণ্য সরবরাহ করতেন।র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ভাসানটেক বস্তিতে সন্ত্রাসীদের একটি দল ঢুকেছে। এ খবর পেয়ে র্যাব-৪-এর একটি দল তিন ভাগে বিভক্ত হয়ে বস্তিতে ঢুকে তল্লাশি শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। রাত দেড়টার দিকে বাইশটেকি বালুর মাঠ কালভার্ট-সংলগ্ন এলাকায় র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে শহীদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, দুটি গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত শহীদকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।গতকাল দুপুরে নিহত শহীদের স্ত্রী আফিয়া বেগম ও বাবা আবদুর রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে শহীদের লাশ শনাক্ত করেন।হাসপাতালে শহীদের বাবা আবদুর রহিম জানান, শহীদ এখন কোনো সন্ত্রাসীকাজের সঙ্গে জড়িত নন। তিনি পরিবারের সঙ্গে সাভারে থাকতেন। গত রোববার সকালে বাসা থেকে বের হন শহীদ। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার গভীর রাতে তাঁরা জানতে পারেন, শহীদ ক্রসফায়ারে নিহত হয়েছেন।শহীদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, বস্তিতে গুলি করে ভয় দেখানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কাফরুল থানা পুলিশ।গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার: এদিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনিসুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-২। র্যাব সূত্র জানিয়েছে, ওই যুবক পেশাদার ছিনতাইকারী দলের সদস্য।গতকাল র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগরের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছিনতাই প্রতিরোধ অভিযান চালায় র্যাব-২-এর একটি দল। এ সময় তিন-চারজনের একটি দলকে র্যাবের সন্দেহ হলে র্যাবের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবের সদস্যরা পাল্টা গুলি চালালে আনিসুর গুলিবিদ্ধ হন। তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে র্যাব।