র্যাবের বিশেষ অভিযান ১২ চাঁদাবাজ গ্রেপ্তার
রাজধানীর কাফরুল ও পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ১২ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাবের দাবি, গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার হওয়া এসব চাঁদাবাজের সবাই কাফরুলের দুর্ধর্ষ সন্ত্রাসী তাজের ঘনিষ্ঠ সহযোগী। তাঁরা কারাবন্দী তাজের নির্দেশে চাঁদা না পেয়ে অনেককে খুন করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।র্যাব সূত্র জানায়, গত বুধবার রাত আটটা থেকে র্যাব-৪-এর তিনটি দল কাফরুল থানার ইব্রাহিমপুর, ভাসানটেক ও পল্লবী এলাকায় বিশেষ অভিযান শুরু করে। টানা ১৬ ঘণ্টার অভিযানে ওই এলাকায় চাঁদাবাজিতে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ফারুক ওরফে পিচ্চি ফারুক (২০), আশরাফুল ওরফে মাশরাফি (১৯), সেলিম ওরফে হিমেল (১৯), হিমেল ওরফে শাওন (১৯), রফিক (২৩), মিজান ওরফে মাটি (১৯), জুয়েল খান (১৯), রাজু ওরফে স্বাধীন (২০), জুয়েল (২০), নাজির ওরফে সোহেল (১৯), আবদুর রশিদ (২৫) ও ইয়াসিনকে (২০) গ্রেপ্তার করে র্যাব। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি চাপাতি, একটি চাকু ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা আছে।এঁদের মধ্যে পিচ্চি ফারুক গতকাল র্যাব-৪-এর কার্যালয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের বলেন, তিনি কারাবন্দী সন্ত্রাসী তাজের বাহিনীর মাসিক বেতনভুক সদস্য। তিনি প্রতি মাসে ১২ হাজার টাকা বেতন পেতেন। চাহিদামতো চাঁদা না পেলে তাজ বা তাঁর বাহিনীর দ্বিতীয় শীর্ষনেতা ওবায়দুলের নির্দেশে তাঁরা মানুষকে গুলি বা বোমা হামলা করে ত্রাস সৃষ্টি করতেন।পিচ্চি ফারুক আরও জানান, মিরপুর ১০ নম্বর সেকশনের ডি ব্লকে নির্মাণাধীন একটি বাড়ির মালিকের কাছ থেকে চাঁদা না পেয়ে তাঁরা ৬ জানুয়ারি ওই বাড়ির দারোয়ান সুলতান মিয়াকে (৬৫) গুলি করে হত্যা করেন। গত বছরের ২২ ডিসেম্বর তাঁরা চাঁদা না পেয়ে কাফরুলের এলজি বিক্রয়কেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণ ঘটান।র্যাব-৪-এর উপপরিচালক মেজর তারিকুল ইসলাম প্রথম আলোকে জানান, চাঁদা আদায়ে তাজের তিনটি দল আছে। এর মধ্যে একটি দল চাঁদা চাইতে যায়। আরেক দল আছে, যারা চাঁদা না পেলে নির্মাণাধীন বাড়ি বা প্রতিষ্ঠানের দারোয়ানের হাতে চিরকুট ধরিয়ে দেওয়া, গুলি ছোড়া বা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির কাজ করে। আর টাকা আদায়ের কাজটি করে আরেক দল। এসব হাত ঘুরে চাঁদার টাকা যায় ওই বাহিনীর ওবায়দুলের কাছে।মেজর তারিকুল ইসলাম জানান, চাঁদাবাজদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত আছে। কেউ মুঠোফোনে চাঁদা চাইলে তা না দিয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।গত রোববার প্রথম আলোতে ‘ঢাকায় চাঁদাবাজেরা সক্রিয়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। র্যাবের কর্মকর্তারা জানান, চাঁদাবাজদের দৌরাত্ম্যের ব্যাপারে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর দেখে তাঁরা বিশেষ অভিযান শুরু করেছেন।