র্যাবের ভেজালবিরোধী অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা
এনার্জি ড্রিংক তৈরির জন্য প্রয়োজনীয় সনদ নেওয়া হয়েছে, বিএসটিআইয়ের লাইসেন্সও রয়েছে, কিন্তু বোতল ধোয়ার প্রক্রিয়া সঠিক না থাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মাতুয়াইল এলাকার সাফা কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আদালত সাফা কনজ্যুমারে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান রক স্টার এনার্জি ড্রিংক নামে কোমল পানীয় তৈরির জন্য বিএসটিআই থেকে লাইসেন্স নিয়েছে। কিন্তু বোতলগুলো ধোয়ার ক্ষেত্রে নিয়মানুযায়ী হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়নি। এ কারণে আদালত প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। এর আগে আদালত একই এলাকার পশ্চিমপাড়া এলাকার প্যাসিফিক এশিয়া নামে একটি রঙের কারখানায় অভিযান চালান। ওই প্রতিষ্ঠানে রং তৈরিতে কোনো রসায়নবিদ ছিলেন না। প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ডও ছিল না। যথাযথ পক্রিয়ায় রং তৈরি না করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, নিয়ম লঙ্ঘন করায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।