র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়’ যুবক আহত
রাজধানীর কমলাপুরে ছিনতাইকারীদের সঙ্গে গতকাল শনিবার দুপুরে র্যাবের ‘গুলিবিনিময়কালে’ জসিমউদ্দিন (২২) নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া জসিম ছিনতাইকারী। তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।র্যাব-৩-এর বক্তব্য অনুযায়ী, গতকাল দুপুর আড়াইটার দিকে দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনি জামে মসজিদের পাশে এক স্কুলছাত্রের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিল। ওই স্কুলছাত্রের চিৎকার শুনে আশপাশের লোকজন পিছু নিয়ে দুই ছিনতাইকারীকে ধাওয়া করে। একপর্যায়ে র্যাব-৩-এর একটি টহল দলও ছিনতাইকারীদের পিছু নেয়। এ সময় ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি চালালে ছিনতাইকারী জসিমের বাম হাঁটুতে লাগে। অন্যজন পালিয়ে যায়। আহত জসিমকে আটক করে তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।র্যাব-৩-এর মেজর শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি জসিমের কাছ থেকে উদ্ধার করে ওই স্কুলছাত্রের কাছে ফেরত দেওয়া হয়েছে।