র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৩
রাজধানীর মতিঝিল এজিবি কলোনির সামনে গত শুক্রবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিতে তিন যুবক আহত হয়েছে। পুলিশ পাহারায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে আহত তিনজনই ছিনতাইকারী বলে র্যাব দাবি করেছে।র্যাবের ভাষ্যমতে, গত শুক্রবার রাত দুইটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) একটি দল মতিঝিল এজিবি কলোনির সামনে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে দুই পক্ষে গুলিবিনিময় শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারী দলের সদস্য ইসমাইল হোসেন, ফারুক হোসেন ও মামুন আহত হয়। এ সময় অন্য ব্যক্তিরা পালিয়ে যায়। র্যাবের সদস্যরা আহত তিনজনকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ইসমাইলের বাঁ হাঁটু, ফারুকের ডান পা ও মামুনের বাঁ পায়ে গুলি লেগেছে। র্যাব-৩-এর ক্যাপ্টেন মো. শরীয়তউল্লাহ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার গুলিস্তান এলাকা থেকে বিকুল হাওলাদার নামে এক ব্যক্তির থাইল্যান্ডের ভিসা লাগানো পাসপোর্ট ও একটি মুঠোফোন ছিনতাই হয়। এরপর বিকুল পল্টন থানায় ছিনতাই মামলা করেন এবং র্যাব-৩-এর কাছে গিয়ে সহযোগিতা চান। র্যাবের পরামর্শমতো তিনি মতিঝিল এজিবি কলোনিতে ছিনতাইকারীদের হাতে টাকা তুলে দেওয়ার সময় র্যাব চারদিক থেকে ছয়-সাত ছিনতাইকারীকে ঘিরে ফেলে। এরপর তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাব পাল্টা গুলি চালায়।