লকডাউনেও ঢাকা ছাড়ছেন অনেকে, ভরসা ট্রাক–পিকআপ
তিন বন্ধু রনি ইসলাম, মো. রাসেল ও মো. জনি পেশায় রাজমিস্ত্রি। নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।
গতকাল শুক্রবার বিকেলে কাজ বন্ধ হয়ে গেছে। তাই বাড়ি ফেরার জন্য রাতেই ঢাকায় এসেছেন। কিন্তু কঠোর লকডাউনে মেলেনি যানবাহন। যাত্রাবাড়ীতে আমের আড়তে রাত কাটিয়ে কমলাপুর ও যাত্রাবাড়ী ঘুরেছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এসেছেন গাবতলীতে। দাঁড়িয়ে ছিলেন আমিনবাজার সেতুতে। এখানেও যানবাহন পাননি।
শুধু এই তিন বন্ধু নয়, কঠোর লকডাউনের মধ্যে ঢাকা ছাড়তে পথে নেমেছেন অনেকেই। কেউ যাবেন পঞ্চগড়ে, কেউ চাঁপাইনবাবগঞ্জে, কেউবা সিরাজগঞ্জে। দূরপাল্লার বাস বন্ধ। পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পথ চলতে হচ্ছে। ট্রাক, পিকআপ কিংবা রিকশায় ভেঙে ভেঙে যেতে একদিকে যেমন পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে, তেমনি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। করোনার স্বার্থে কঠোর লকডাউনের বিষয়টি অনেকে মেনে নিলেও রাজধানীতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় গ্রামে ছুটতে হচ্ছে তাঁদের।
রনি ইসলাম বললেন, ‘গতকাল রাত সাড়ে নয়টা থেকে ঢাকায় ঘুরতেছি। বাড়ি যাওয়ার কিছুই পাই না।’ আর রাসেল বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ভেঙে ভেঙে ঢাকায় আসতে আমাদের দুই হাজার টাকা খরচ হয়ে গেছে। বাকি পথও হয়তো একইভাবে যেতে হবে। হাতে টাকাপয়সা কিছুই থাকবে না আর। ট্রাক খুঁজতেছি আমরা। ঢাকায় তো আমাদের থাকার জায়গা নেই।’
আজ যাঁরা ঢাকা ছাড়ছেন, তাঁদের বেশির ভাগ জীবিকার তাগিদে এত দিন রয়ে গিয়েছিলেন। সরেজমিনে দুপুরে সাড়ে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অন্তত ১৪ জনকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য গাবতলীতে অপেক্ষা করতে দেখা যায়।
মিনবাজার সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন আলফাজ হোসেন। পেশায় রিকশাচালক আলফাজ যাবেন সিরাজগঞ্জের চৌহালীতে। ট্রাক খুঁজছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘হাজারীবাগ থেকে রিকশায় আসছি। এখন হাঁটতেছি। ট্রাকে বাড়ি যেতে হবে। বাড়িতে পরিবার আছে। একটা গরু আছে। ওটাকে ঈদে বিক্রি করব।’
রাজধানীর অন্যতম প্রবেশমুখ গাবতলী। রয়েছে পুলিশের চেকপোস্ট। লকডাউনের কারণে সকাল ছয়টা থেকে গাবতলী হয়ে ঢাকায় ঢুকতে ও বের হতে চেকপোস্টে জিজ্ঞাসার মুখে পড়তে হচ্ছে। জরুরি কারণ দেখাতে না পারলে দেওয়া হচ্ছে মামলা।
চেকপোস্টে দায়িত্বে থাকা দারুস সালাম জোনের ট্রাফিক সার্জেন্ট হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, যৌক্তিক কারণ ছাড়া কোনো যানবাহন ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না। জরুরি প্রয়োজন মনে হলে ছেড়ে দেওয়া হচ্ছে। তা না হলে মামলা দেওয়া হচ্ছে। তবে অনেকেই ব্যাগ হাতে হেঁটে সেতু পার হচ্ছেন। এরপর বিকল্প উপায়ে বাড়ি ফিরছেন।
করোনার সংক্রমণ এড়াতে চলমান সাত দিনের কঠোর লকডাউনের আজ তৃতীয় দিন। এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গতকালের তুলনায় মানুষের উপস্থিতি কিছুটা বেশি দেখা গেছে। রাজধানীর বিশ্বরোড, শাহবাগ, ফার্মগেট, আসাদগেট, টেকনিক্যাল ও গাবতলীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্টে প্রশাসনের পক্ষ থেকে বেশ কড়াকড়ি চোখে পড়েছে। তবে নগরীর প্রধান সড়কগুলোর তুলনায় অলিগলিতে মানুষের জটলা কিছুটা বেশি চোখে পড়েছে।
কথা হলো খিলগাঁও থানার পরিদর্শক দেলোয়ার হোসেনের সঙ্গে। সকাল থেকে খিলগাঁও বিশ্বরোডে দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রথম আলোকে বলেন, ‘এদিকটায় মানুষ জরুরি প্রয়োজন ছাড়া মূল সড়কে কম আসছেন। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত তিনজনকে জরিমানা করেছি। দুজন বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেননি। অন্যজন লকডাউনেও ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছিলেন।’
বেলা সাড়ে ১১টায় রাজধানীর টেকনিক্যাল মোড়ে গিয়ে দেখা যায়, চেকপোস্ট বসানো হয়েছে। পথে চলাচলকারী প্রতিটি গাড়ি পুলিশ থামাচ্ছে। বাইরে আসার কারণ জানতে চাওয়া হচ্ছে।
এ সময় চেকপোস্টে আটকানো হয় সাদা রঙের একটি মাইক্রোবাস। গাড়িটির সামনের কাচে ‘করোনা গবেষণাকাজে নিয়োজিত’ লেখা ছিল। ভেতরে অবশ্য কেউ ছিলেন না। পরে চালক জানালেন, বেসরকারি একটি ডেলিভারি প্রতিষ্ঠানের গাড়ি এটি। এ সময় চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। দেওয়া হয় মামলা।
দারুস সালাম জোনের ট্রাফিক সার্জেন্ট বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা চাইলেই কারও বিরুদ্ধে মামলা দিতে পারি না। যদি কাগজপত্র দেখাতে না পারে কিংবা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়, তখনই মামলা দেওয়া হচ্ছে।’