সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার এক সেমিনারে এই সুপারিশ করা হয়। সেমিনারে বক্তারা বলেছেন, টাস্কফোর্স হলে এমডিজি অর্জন সম্ভব হতে পারে। তবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, এমডিজি অর্জনের সম্ভাবনা ক্ষীণ।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন কার্যক্রম ও স্থানীয় সরকার’ শীর্ষক এক সেমিনার হয়। ২৬টি নেটওয়ার্ক ও সংগঠনের সমন্বয়ে গঠিত দারিদ্র্যবিরোধী মঞ্চের সপ্তাহব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে সেমিনারটির আয়োজন করা হয়।সেমিনারে বিশেষ অতিথি মিজানুর রহমান বলেন, ‘এমডিজির আটটি লক্ষ্যের ছয়টিই সরাসরি দরিদ্র্যদের জন্য, বাকি দুটি ধনীদের জন্য। বেশির ভাগ রাষ্ট্র ধনীবান্ধব হওয়ায় তারা দরিদ্রদের বিষয়টি গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করে না। এ কারণে নির্ধারিত সময়ে এমডিজি বাস্তবায়িত হবে বলে মনে হয় না।’সেমিনারের সভাপতি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘এমডিজি অর্জনে আন্তর্জাতিক বিশ্ব থেকে যে পরিমাণ অর্থ-সহায়তা আসার কথা ছিল, তা আসছে না। আমরা এখন বছরে ১৫০ কোটি ডলার বিদেশ থেকে পাই। এই অর্থ দেশের মোট জিডিপির মাত্র দুই শতাংশ। এর অর্ধেক আবার ঋণ হিসেবে পাই।’মূল প্রবন্ধে গভর্ন্যান্স কোয়ালিশনের জাতীয় প্রকল্প সমন্বয়কারী আকমত আলী মিয়া বলেন, সংসদে প্রতিনিধিত্ব করা সব দলের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠন করা হলে এমডিজি অর্জন সম্ভব। এই টাস্কফোর্স এমডিজি অর্জনের উপায় নির্ধারণ, পরিস্থিতি মূল্যায়ন ও পর্যালোচনা করবে।বিশেষ অতিথি সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল বলেন, স্বাধীনতার ৪০ বছরে দেশে উন্নয়ন নিয়ে কথা হয়েছে বেশি, কাজ হয়েছে কম। কোনো ক্ষেত্রেই আশানুরূপ অগ্রগতি হয়নি। দেশের উন্নয়নে স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে সাংসদ সানজিদা খানম, ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোর্শেদ, জাতিসংঘ মিলেনিয়াম ক্যাম্পেইনের বাংলাদেশ প্রতিনিধি মনীষা বিশ্বাস, দি এশিয়া ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালক শীলা তাসনীম হক প্রমুখ বক্তব্য দেন।স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে বক্তব্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ‘সরকারের মন্ত্রীরা সভা-সমাবেশে বলেন, স্থানীয় সরকারকে সম্পৃক্ত করলে উন্নয়ন হবে। কিন্তু বাস্তবে তাঁরা নিজেরাই তা চান না।’সিরাজগঞ্জের পূর্ণিমাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘এমডিজির লক্ষ্য অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনা হবে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে মানুষকে আমরা বিষয়টি বোঝাতে পারিনি। সরকারও এ বিষয়ে প্রচারণামূলক কাজ করেনি।’ সেমিনারে সঞ্চালনা করেন গভর্ন্যান্স কোয়ালিশনের সমন্বয়কারী মহসিন আলী।