লঞ্চযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ ও পূজা উপলক্ষে রাজধানীসহ আশপাশের মানুষ লঞ্চযোগে বাড়ি ফিরতে শুরু করেছে। গতকাল শনিবার বরিশালসহ কয়েকটি রুটের লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর টিকিট বিক্রি করা হয়েছে। দুপুরে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে বরগুনা, আমতলী, শরীয়তপুর, ভোলা, মাদারীপুর, বরিশালসহ বেশ কয়েকটি রুটের লঞ্চের ডেকে দুপুর ১২টার আগে থেকেই বসে আছে তৃতীয় শ্রেণীর যাত্রীরা। এদিকে, সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার বিষয়টি নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকাল থেকে বরিশাল ও ভান্ডারিয়াগামী কয়েকটি লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের টিকিট বিক্রি করা হচ্ছে। ফার্মগেট থেকে আসা ভান্ডারিয়ার যাত্রী সঞ্জয় কুমার জানান, ‘গত সপ্তাহে পরপর তিন দিন টার্মিনালে এসেছি। লঞ্চের লোকজন বলেছেন, অগ্রিম টিকিট নাই। সব টিকিট বুকিং হয়ে গেছে। আজ সকালে এসে দেখি, আঁচল-১০ লঞ্চে প্রথম শ্রেণীর কেবিনের টিকিট বিক্রি হচ্ছে। অপর যাত্রী হেলাল মিয়া জানান, গত সপ্তাহে দুদিন আজকের তারিখের (২০ অক্টোবর) টিকিট নেওয়ার জন্য এসেছি। কিন্তু টিকিট পাইনি। আজ সকাল ১০টার দিকে এসে দেখি, গ্লোরী অব শ্রীনগর লঞ্চের কেবিনের টিকিট বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকায়। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মোরেলগঞ্জের উদ্দেশে রকেট স্টিমার সার্ভিস পিএস টার্ন ছেড়ে গেছে। ঢাকা নদীবন্দর সূত্র জানায়, গতকাল শনিবার বরিশাল রুটের নির্ধারিত তারিখের লঞ্চ দ্বীপরাজ-৭, কালাম খান-১, পরাবত-১১, সুন্দরবন-৭সহ ৬৭টি যাত্রীবাহী লঞ্চ দক্ষিণাঞ্চলের ৩৯টি রুটের উদ্দেশে সদরঘাট টার্মিনাল ছেড়ে যায়। তবে লঞ্চে যাত্রী ছিল কিছুটা বেশি। অভ্যন্তরীণ নৌ-চলাচল (যান) সংস্থার কার্যকরী সদস্য ও প্রিন্স অব বরিশাল লঞ্চের মালিক মামুন আল রশীদ জানান, ‘আজ শনিবার (গতকাল) পূর্বনির্ধারিত লঞ্চগুলো ছেড়ে যাবে। গার্মেন্টস কারখানাগুলো ছুটি হলে ২৩ ও ২৪ অক্টোবর থেকে ভিড় বাড়তে পারে। আশা করছি, ২৪ অক্টোবর থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চলাচল করবে।’ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকী জানান, যাত্রীরা যাতে নির্বিঘ্নে নদীপথে বাড়ি যেতে পারে, সে জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সদরঘাট টার্মিনাল এলাকায় পুলিশের একাধিক দল টহল দেবে। এ ছাড়া টার্মিনাল এলাকায় সিসি ক্যামেরার সাহায্যে নজরদারি করা হবে। টার্মিনাল ও পন্টুনে সাদা পোশাকের পুলিশ টহলরত থাকবে। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল হক খান প্রথম আলোকে বলেন, নদীপথে যাত্রীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল সদরঘাট টার্মিনাল এলাকায় কাজ শুরু করেছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন ও যাত্রী হয়রানিরোধে বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা তৎপর থাকবেন এবং সিসি ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ মনিটরিং করা হবে। এ ছাড়া টার্মিনাল এলাকায় বিদ্যুৎ ও পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।