লঞ্চযাত্রীদের জীবন রক্ষার সরঞ্জাম কম
ঢাকার সদরঘাট নৌ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলে চলাচলকারী বেশির ভাগ লঞ্চে যাত্রীদের জীবনরক্ষাকারী সরঞ্জাম প্রয়োজনের তুলনায় খুবই কম। এসব সরঞ্জাম আছে কি না, লঞ্চ ছাড়ার আগে তা খতিয়ে দেখার দায়িত্ব নৌ পরিদর্শকদের। কিন্তু অভিযোগ রয়েছে, তাঁরা এ দায়িত্ব পালনে হেলাফেলা করেন।
গত বুধবার দুপুরে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে, বরিশালের ভাষানচরগামী যাত্রীবাহী লঞ্চ এমভি রাজহংস-৮-এর প্রধান ফটকের সামনে লেখা, এর যাত্রীধারণক্ষমতা ৫৬৯ জন। জীবনরক্ষাকারী সরঞ্জামের মধ্যে লাইফ বয়া ৭০টি, ফায়ার বাকেট ১৬টি, অগ্নিনির্বাপণ যন্ত্র ২২টি, বালতি ১৩টি, হস্তচালিত পাম্প ৩টি ও বালুর বাক্স আছে ২টি। কিন্তু সরেজমিনে পাওয়া যায় মাত্র ৩৭টি লাইফ বয়া। এর মধ্যে তিনটি নষ্ট। ফায়ার বাকেট আছে ১৩টি, অগ্নিনির্বাপণ যন্ত্র ৫টি, তা-ও আবার জরাজীর্ণ। এ ছাড়া দুটি বাক্স থাকলেও সেখানে বালু রাখা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে লঞ্চটির কেরানি মো. সোহেল প্রথম আলোকে বলেন, ‘আমাদের লঞ্চে জীবনরক্ষাকারী সরঞ্জাম সব ঠিকঠাক আছে। তা ছাড়া এগুলো প্রতিদিনই পরীক্ষা-নিরীক্ষা করা হয়।’
মাদারীপুরগামী পারাবত-১৪ লঞ্চের যাত্রীধারণক্ষমতা ৮৪৮ জন বলে উল্লেখ রয়েছে। লাইফ বয়া ১৪৫টি, ফায়ার বাকেট ১৫টি, অগ্নিনির্বাপণ যন্ত্র ৮টি, হস্তচালিত পাম্প ১টি ও ২টি বালুর বাক্স আছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, লঞ্চটির নিচতলায় ৭৮টি ও দ্বিতীয় তলায় ৫৩টি বয়া আছে। ফায়ার বাকেট পাওয়া গেছে ১৩টি। এর মধ্যে ২টি নষ্ট। লঞ্চের চালক সবুজ শিকদার বলেন, যাত্রীদের জীবনরক্ষার সরঞ্জাম সবই আছে। কোনো কমতি নেই।
লালমোহনগামী কর্ণফুলী-৩ লঞ্চের যাত্রীধারণক্ষমতা ৫৮০ জন। জীবনরক্ষাকারী সরঞ্জামের মধ্যে লাইফ বয়া ৬৫টি, ফায়ার বাকেট ১৪টি, অগ্নিনির্বাপণ যন্ত্র ৬টি, হস্তচালিত পাম্প ১টি ও ২টি বালুর বাক্স রয়েছে বলে লেখা রয়েছে। কিন্তু বাস্তবে ৫৪টি বয়া, ১১টি বাকেট, ৫টি অগ্নিনির্বাপণ যন্ত্র ও ২টি বালুবিহীন বাক্স পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণাঞ্চলের একাধিক যাত্রী বলেন, প্রত্যেক যাত্রীর জন্য লাইফ জ্যাকেট, বয়াসহ প্রয়োজনীয় সরঞ্জাম লঞ্চে রাখার কথা। কিন্তু লাইফ জ্যাকেটের নামগন্ধই নেই, অন্য সরঞ্জামও খুবই কম থাকে। এ ছাড়া ঈদ মৌসুমে ধারণক্ষমতার দু-তিন গুণ যাত্রী ওঠে। সরকারি নৌপরিবহনের কর্মকর্তা ও নৌযান পরিদর্শকদের এগুলো খতিয়ে দেখার কথা। কিন্তু তাঁরা কাজে গাফিলতি করেন।
গলাচিপাগামী এমভি মডার্ন সান লঞ্চের সামনে লেখা, যাত্রীধারণক্ষমতা ৩১৫ জন। জীবনরক্ষাকারী সরঞ্জামের মধ্যে লাইফ বয়া ৬৩টি, ফায়ার বাকেট ১৬টি, অগ্নিনির্বাপণ যন্ত্র আছে ৬টি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ৫৪টি লাইফ বয়া, ৫টি অগ্নিনির্বাপণ যন্ত্র আছে।
বরিশালগামী এমভি রেড সান-৫ লঞ্চের যাত্রীধারণক্ষমতা ১১৫ জন। লঞ্চটিতে লাইফ বয়া ৬৭টি, ফায়ার বাকেট ১২টি, অগ্নিনির্বাপণ যন্ত্র ৮টি, হস্তচালিত পাম্প ২টি ও বালুর বাক্স ২টি রয়েছে বলে লেখা রয়েছে। কিন্তু সরেজমিনে ৫৮টি বয়া, ১০টি ফায়ার বাকেট, ৭টি অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া গেছে।
বুধবার সরেজমিনে ১৩ লঞ্চের কোনোটিতেই লাইফ জ্যাকেট পাওয়া যায়নি।
অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার কার্যকরী সদস্য ও মানিক লঞ্চের মালিক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমার জানামতে, প্রতিটি লঞ্চে যাত্রীধারণক্ষমতা অনুযায়ী জীবনরক্ষাকারী সরঞ্জাম আছে। আমরা লঞ্চমালিকেরা লাখ লাখ টাকা খরচ করে লঞ্চ নির্মাণ করছি। অথচ যাত্রীনিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম লঞ্চে থাকবে না, এটা হতে পারে না। লঞ্চ ছাড়ার আগে নৌযান পরিদর্শক ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা এগুলো দেখে লঞ্চ ছাড়ার অনুমতি দেন।’
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, লঞ্চ ছাড়ার আগে নৌযান পরিদর্শকেরা সরকারি নিয়ম অনুযায়ী সবকিছু যাচাই-বাছাই করে লঞ্চ ছাড়ার অনুমতি দেন। যেসব লঞ্চে যাত্রীদের জীবনরক্ষাকারী প্রয়োজনীয় সরঞ্জামব্যবস্থা রাখার অনিয়ম রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।