লঞ্চে অগ্নিদগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের দেখতে আজ সোমবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ নেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন, পরিচালক ডা. আবুল কালাম ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
এদিকে আজ সোমবার পর্যন্ত এ ঘটনায় আগুনে পুড়ে ও পানিতে ডুবে নিহত হয়েছেন ৪৭ জন। অগ্নিকান্ডে দগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এখন পর্যন্ত ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন ৪ জন, সুস্থ হয়ে ফিরে গেছেন ৫ জন।
বরগুনা জেলা প্রশাসনের তথ্যমতে, এ ঘটনায় এখনো অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছেন।