লঞ্চের টিকিট মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে গতকাল সোমবার থেকে যাত্রীবাহী লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, দু-একটি লঞ্চ ছাড়া বেশির ভাগ লঞ্চের টিকিট পাওয়া যায়নি। ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে শেষ মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায় করতে লঞ্চমালিকেরা অগ্রিম টিকিট বিক্রি করছেন না।এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে ঈদে নদীপথে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ২০ অক্টোবর থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। তবে লঞ্চমালিকেরা বলছেন বিশেষ সার্ভিস চলবে ২৪ অক্টোবর থেকে।গতকাল সকাল নয়টার দিকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, পন্টুনে নোঙর করা বরিশালগামী এমভি কীর্তনখোলা লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। লঞ্চের ব্যবস্থাপক এ কে এম নাসির উদ্দিন জানান, ঈদের আগে ২১ ও ২৩ অক্টোবর নিয়মিত দুটি ট্রিপ রয়েছে। ওই দুই দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। কিন্তু বিশেষ সার্ভিসের ব্যাপারে লঞ্চ মালিক সমিতির নেতারা এখনো সিদ্ধান্ত নেননি। তাই ওই সার্ভিসের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না।পন্টুনে ওমর ফারুক নামের এক ব্যক্তি জানান, ঈদে তিনি বরিশাল যাবেন। এ জন্য অগ্রিম টিকিট কিনতে সকাল সাড়ে সাতটায় খিলগাঁও থেকে সদরঘাটে এসেছেন। কিন্তু কয়েকটি লঞ্চে খোঁজ নিয়েও অগ্রিম টিকিট পাননি। একটি লঞ্চের এক কর্মচারী তাঁকে জানিয়েছেন ঢাকা থেকে অগ্রিম টিকিট দেওয়া হয় না। টিকিট নিতে হলে বরিশালে যোগাযোগ করতে হবে। ওমর ফারুক আক্ষেপ করে বলেন, ‘আমরা থাকি ঢাকায়। কীভাবে বরিশাল গিয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করব।’অগ্রিম টিকিট কিনতে মিরপুর-১১ থেকে আসা রেবেকা বেগম (৪০) বলেন, ‘সকাল আটটা থেকে সদরঘাটের লঞ্চগুলোতে হন্যে হয়ে ঘুরছি। কিন্তু টিকিট পাইনি। পারাবত-২ লঞ্চের মাস্টার জানিয়েছেন, আজ যে কয়টি টিকিট বিক্রির কথা ছিল তা বিক্রি হয়ে গেছে, সন্ধ্যায় এসে খোঁজ নিতে পারেন।’ রেবেকা অভিযোগ করেন, ‘কালোবাজারে টিকিট বিক্রির জন্য লঞ্চের লোকজন বিভিন্ন অজুহাত দেখিয়ে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে।’তবে লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার (যাত্রী পরিবহন) ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন বলেন, যাত্রীদের অভিযোগ সঠিক নয়। লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিন সীমিত। কিন্তু যাত্রী তিন গুণ। এ জন্য সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয় না।বিআইডব্লিউটিএর ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক মো. সাইফুল হক খান জানান, ২০ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত বিশেষ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণাঞ্চলে ৩৯টি রুটে বিশেষ সার্ভিসের লঞ্চ চলাচল করবে। ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ রুটে প্রতিদিন বিআইডব্লিউটিসির বিশেষ রকেট স্টিমার চলবে।তবে মো. শাহাবুদ্দিন জানান, বিশেষ সার্ভিসের লঞ্চ চলাচল করবে ২৪ অক্টোবর থেকে। টার্মিনালে যাত্রী উপস্থিতির ওপর নির্ভর করে বিশেষ লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হবে। ভাড়া নেওয়া হবে সরকার-নির্ধারিত হারে।