লটারির মাধ্যমে কাজ বণ্টন পণ্ড করতে...
ঢাকা ওয়াসার ঠিকাদারদের একটি দল গতকাল সোমবার সকালে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কক্ষের আসবাব ও দরজা-জানালার কাচ ভাঙচুর করেছে। খাল সংস্কারবিষয়ক কাজ লটারির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত পণ্ড করার জন্য এ হামলা চালানো হয় বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল আলম চৌধুরীর কক্ষে ঠিকাদারদের ১৫-১৬ জনের একটি দল ঢুকে পড়ে। তারা হইহল্লা করে কক্ষের চেয়ার-টেবিলসহ আসবাব ও কাচ ভাঙতে থাকে। দ্রুত ভাঙচুর শেষ করে হামলাকারীরা চলেও যায়। এ সময় প্রধান প্রকৌশলী কক্ষে ছিলেন না।ওয়াসার অধীনে বিভিন্ন খাল সংস্কারের জন্য কিছুদিন আগে ৪৯টি গ্রুপে দরপত্র গ্রহণ করা হয়েছিল। বিভিন্ন গ্রুপের কাজের বাজেট ছিল পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা। কাজের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যাও ছিল অনেক বেশি। সম্প্রতি ওয়াসা সিদ্ধান্ত নেয়, প্রতিটি কাজের জন্য পাঁচ শতাংশ হারে টাকা কমিয়ে কার্যাদেশ দেওয়া হবে এবং এর জন্য লটারি হবে। গতকাল অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কক্ষে এই লটারি হওয়ার কথা ছিল।ভাঙচুরের ঘটনার পর তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা ভাঙচুর করেছে, এ বিষয়ে প্রধান প্রকৌশলী বলেছেন, তিনি যেহেতু কক্ষে ছিলেন না, তাই কারা হামলা চালিয়েছে, তিনি জানেন না।