লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র হজ নিয়ে কটূক্তি করায় লতিফ সি​দ্দিকীর শাস্তির দাবিতে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় l ছবি: প্রথম আলো
পবিত্র হজ নিয়ে কটূক্তি করায় লতিফ সি​দ্দিকীর শাস্তির দাবিতে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় l ছবি: প্রথম আলো

হজ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যের প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘সম্মিলিত ইসলামী দল সমূহের’ ব্যানারে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা হজ নিয়ে কটূক্তির অভিযোগে লতিফ সিদ্দিকীর বিচার ও শাস্তি দাবি করেছেন।

একই দাবিতে ঢাকার লালবাগে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। জুমার নামাজের পর পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সিঁড়ি থেকে ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু হয়। প্রথমে সিঁড়িতে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা স্লোগান শুরু করেন। পরে তাঁরা জুতা হাতে রাস্তায় নেমে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি পল্টন মোড়ে এলে পুলিশ ঘুরিয়ে দেয়। এর পর মিছিলটি দৈনিক বাংলা মোড় ঘুরে আবারও বায়তুল মোকাররমের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে লতিফ সিদ্দিকীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরউল্লাহ খান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বায়তুল মোকাররমের তিন ফটক দিয়ে মুসল্লিরা নামাজ পড়তে যান। নামাজ শুরুর ঘণ্টা খানেক আগে থেকেই পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পল্টন ও দৈনিক বাংলা মোড়ে দাঙ্গা দমনের উপকরণসহ প্রচুর পুলিশ, সাঁজোয়া যান মোতায়েন রাখা হয়। আর মাঝে বায়তুল মোকাররমের সামনের রাস্তা ও ফটকে প্রচুর পুলিশ ছিল।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান বলেন, এই বিক্ষোভ কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় তাঁদের নিয়ন্ত্রিতভাবে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়েছে।

একইভাবে জুমার নামাজের পর ঢাকার লালবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফজাতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল লতিফ নেজামীর সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাতের বিরুদ্ধে কটূক্তিকারী লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিসভা থেকে অপসারণ করলে হবে না। তাঁকে গ্রেপ্তার করে ধর্মদ্রোহিতার অপরাধে শরিয়তের বিধান অনুযায়ী ফাঁসি দিতে হবে।