লন্ডনফেরত ১৫৭ জন হোম কোয়ারেন্টিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইংল্যান্ড থেকে বিশেষ ফ্লাইটে করে ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।

বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ কথা জানান।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ইংল্যান্ড থেকে আসা ১৫৭ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তাঁরা ইংল্যান্ডে আটকা পড়েছিলেন।

বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য পরীক্ষার সনদ লন্ডন থেকে আসা সব যাত্রী সঙ্গে ছিল। তাই তাঁদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২১ জানুয়ারি থেকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। এরপর থেকে দেশে ফেরত সব যাত্রীর স্ক্যানিংসহ স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক করা হয়। গত ২১ জানুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ২ লাখ ৭২ হাজার ২৪৬ জন যাত্রীর হেলথ স্ক্যানিং করা হয়েছে বলে বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে।