লাইসেন্স ছাড়া রাসায়নিক দ্রব্য বিক্রি, একজনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর রমনা এলাকায় লাইসেন্স ছাড়া রাসায়নিক দ্রব্যের ব্যবসার দায়ে আশরাফুল আলম নামের এ ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। আদালত একই কারণে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। র‌্যাব এ আদালত পরিচালনায় সহায়তা করে। র‌্যাব সূত্র জানায়, গতকাল দুপুরে ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ আদালত মগবাজার এলাকার ১২০/১ আউটার সার্কুলার রোডের নাঈম করপোরেশনে অভিযান চালান। অভিযানের সময় আদালত সেখানে কোনো অগ্নিনির্বাপক সরঞ্জাম পাননি। টেক্সটাইল কাজে ব্যবহূত রাসায়নিক তরল গুদামজাত ও সংরক্ষণ করার ক্ষেত্রে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ভঙ্গ করে ব্যবসা করে আসছিলেন প্রতিষ্ঠানটির মালিক শাহ আলম। শাহ আলমকে ৮০ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরে আদালত ১২৯ নিউ ইস্কাটনে র‌্যাংগস ইস্কাটন টাওয়ার ক্ল্যাসিকের ভূগর্ভস্থ তলায় বিপুল পরিমাণ তরল পদার্থ গুদামজাত অবস্থায় পান। প্রতিষ্ঠানটির মালিক শরীফুল ইসলাম লাইসেন্স ছাড়া অগ্নিনির্বাপণ ও প্রতিরোধ আইন ভঙ্গ করে ব্যবসা করে আসছিলেন। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত ৬৭৮ বড় মগবাজারে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দাহ্য তরল পদার্থ পান। লাইসেন্স ছাড়া দাহ্য রাসায়নিক পদার্থ রাখার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক আশরাফুল আলমকে সাত দিনের জেল ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে র‌্যাব-৩-এর লে. কমান্ডার মোহাম্মদ জাররার হোসেনসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‌্যাব কর্মকর্তা জাররার হোসেন প্রথম আলোকে জানান, ভ্রাম্যমাণ আদালত তিন প্রতিষ্ঠানের জরিমানার তিন লাখ ৮০ হাজার টাকা আদায় করেন।