লাইসেন্স নকলকারীর কারাদণ্ড চার প্রতিষ্ঠানকে জরিমানা
বিএসটিআইয়ের লাইসেন্স নকল করে ‘সুপেয় পানি’ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। আদালত আরও দুটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও একটি ফিলিং স্টেশনকেও জরিমানা করেছেন।গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে ‘নিউ ইফাদ অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি পানি উৎপাদন কারখানায় অভিযান চালান। কারখানার মালিক বিএসটিআই থেকে লাইসেন্স না নিয়ে তা নকল করে তৈরি করেছেন। এই অপরাধে আদালত খোরশেদ আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।আদালত মোহাম্মদপুরের গ্রামীণ এন্টারপ্রাইজ নামে আরেকটি ‘সুপেয় পানি’ তৈরির কারখানায় অভিযান চালিয়ে জানতে পারেন যে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পানি উৎপাদন ও ডিলার নিয়োগ করেছে। পানির জারে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হয়েছে। এই অপরাধে প্রতিষ্ঠানের পাঁচজনকে তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত এ সময় উপস্থিত পাঁচজন ডিলারের প্রত্যেককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।মোহাম্মদপুরের বসিলা রোডে ‘ইয়াশ পিউর ড্রিঙ্কিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানও বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা, বিএসটিআই ও র্যাব-২-এর একটি দল আদালতকে সহায়তা করে।এদিকে, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে একটি দল রাজধানীর নিলক্ষেত এলাকার কিউ জি সামদানি নামক ফিলিং স্টেশনে অভিযান চালান। মাপে কম দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালত একই এলাকার পথের বন্ধু নামে ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার প্রমাণ পান। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।