
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ কারওয়ান বাজার এলাকার বর্তমান লাইসেন্স সুপারভাইজার মো. আবদুর রশিদের বিরুদ্ধে বয়স কমিয়ে চাকরিতে ঢোকার অভিযোগ উঠেছে। তবে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, লেজার কিপার পদে ২০০৪ সালে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় করপোরেশন। আবদুর রশিদ তাতে আবেদন করেন এবং তাঁর চাকরিও হয়। কিন্তু হাতে লেখা আবেদনপত্রে তাঁর জন্মতারিখ লেখা আছে ১৯৭২ সালের ৫ জানুয়ারি। সে অনুযায়ী ২০০৪ সালে তাঁর বয়স দাঁড়ায় ৩২ বছরের বেশি। সরকারি বিধি অনুযায়ী চাকরির সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
নথিপত্রে দেখা যায়, আবদুর রশীদ চাকরির আবেদনপত্রে তাঁর বয়স লিখেছেন ২৬ বছর ১০ মাস ১৫ দিন। তিনি বয়সের হিসাব দেখিয়েছেন ১৯৯৮ সালের ২৯ নভেম্বর পর্যন্ত। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স হিসাব করতে বলা হয় ২৫ জানুয়ারি ২০০৪ সাল পর্যন্ত। এই সময় ধরলে তাঁর বয়স দাঁড়ায় ৩২ বছরের বেশি। অবশ্য আবেদনপত্রের সঙ্গে দেওয়া আবদুর রশীদের ব্যাংক পে-অর্ডারের তারিখ ২০০৪ সালের ২০ জানুয়ারি।
তাহলে ১৯৯৮ সালে বয়স হিসাব করার কারণ কী? অনুসন্ধানে জানা গেল, ওই বছরও একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল সিটি করপোরেশন। নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ধূর্ততার সঙ্গে একই পদের জন্য আগের নিয়োগ বিজ্ঞপ্তির সময় ব্যবহার করে বয়স কমিয়ে দেখিয়েছেন আবদুর রশিদ। কিন্তু আবেদন করেছেন ২০০৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারেই। ব্যাংক পে-অর্ডারের তারিখও ২০০৪ সালের। তাঁর ধারণা, তৎকালীন কর্তৃপক্ষের কারও অনৈতিক সহযোগিতা ছাড়া এই নিয়োগ সম্ভব হয়নি।
করপোরেশন সূত্র জানায়, তখনকার সরকারের উচ্চপর্যায়ের অন্তত দুজন ব্যক্তির সুপারিশ ছিল আবদুর রশিদের নিয়োগের জন্য। আর একাধিক কর্মকর্তা-কর্মচারী বলেন, আবদুর রশিদ তখন বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন।
জালিয়াতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুর রশিদ বলেন, ‘আমি শ্রমিক লীগের রাজনীতি করি। আমার প্রতিপক্ষের লোকজন আমাকে হেয় করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এসব বলছে। আমার নথিতে এসব ভুল তথ্য সংযোজন তাদেরই কাজ।’ সঠিক কোনো তথ্য-প্রমাণ আপনার হাতে আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে এ সংশ্লিষ্ট কোনো কাগজপত্র নেই। আমি আপনাকে মুখে যা বললাম এটাই সত্য।’
২০০৫ সালের ২৬ অক্টোবর শিক্ষানবিস হিসেবে রাজস্ব বিভাগের লেজার কিপার পদে আবদুর রশিদ নিয়োগ পান। চাকরির আবেদনপত্রে তাঁর ক্রমিক নম্বর ছিল ১২৪৫। তখন ওই পদের বিপরীতে ১ হাজার ২৫১টি আবেদন জমা পড়েছিল।
অনুসন্ধানে দেখা যায়, বর্তমান ডিএনসিসিতে আবদুর রশিদের ব্যক্তিগত তথ্যাদিসহ সংরক্ষিত ফাইলে আবেদনপত্রের পে-অর্ডারের তারিখ ও পে-অর্ডার নম্বর কালো কালিতে এমনভাবে কাটাছেঁড়া করা হয়েছে, যাতে তা পড়া না যায়।
এদিকে ২০১৪ সালে আবদুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, প্রতারণা ও জালিয়াতির ২০টি লিখিত অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন এক ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৮ মে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। কিন্তু এরপর কী হয়েছে, তা আর কেউ জানেন না।
ডিএনসিসির সচিব দুলাল কৃঞ্চ সাহা বলেন, ‘এটা অনেক আগের ঘটনা। আমার সঠিক জানা নেই।’
আবদুর রশিদ বলেন, ‘২০১৪ সালে কোনো বিষয়ে আমাকে কোনো প্রকার কারণ দর্শানো কিংবা জবাব চাওয়া হয়নি। আমার বিরুদ্ধে আদৌ এ ধরনের নোটিশ জারি হয়েছিল কি না, আমার জানা নেই।’
২০১৬ সালের ৪ মে আবদুর রশিদের বিরুদ্ধে বয়স জালিয়াতিসহ দুর্নীতির ১০টি অভিযোগ এনে দুই ব্যক্তি ডিএনসিসির মেয়র বরাবর আবেদন করেন।
এ অভিযোগের বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘আমার কাছে কিছু বিষয়ে জবাব চাওয়া হয়েছিল। আমি লিখিত জবাব দিয়েছি।’
এ বিষয়ে ডিএনসিসির সচিব দুলাল কৃঞ্চ সাহার বক্তব্য, ‘এই অভিযোগগুলো আমরা যাচাই করেছি। কিন্তু অভিযোগকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়রের নির্দেশনা আছে, আগে অভিযোগকারীদের খুঁজে বের করতে হবে। তাই অভিযোগকারীদের পাওয়া গেলে অভিযোগ নিয়ে আমরা আবার কাজ করব।’
আবদুর রশীদের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগের বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার সঠিক কিছু মনে নেই। তবে তাঁকে নিয়ে এ রকম কিছু একটা অভিযোগ ছিল, যেখানে বিভিন্ন বিষয়ে জবাব চাওয়া হয়েছে।’