লাইসেন্সবিহীন কেব্ল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যেসব কেব্ল অপারেটর লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা করছেন ও যাঁরা অশ্লীল ছবি দেখাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রোববার তথ্য মন্ত্রণালয়ে কেব্ল অপারেটর ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, সাম্প্রতিককালে লাইসেন্স ছাড়াই অনেকে এই ব্যবসা করছেন। অনেকে রাতে অশ্লীল ছবি প্রদর্শন এবং অনুমোদনহীন চ্যানেল প্রচার করছেন। তিনি অবৈধভাবে ব্যবসা ও অশ্লীল ছবি বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, বিদ্যমান আইন অনুযায়ী একটি পরামর্শক কমিটি থাকলেও তার কার্যকারিতা নেই। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, পরামর্শক কমিটি ৩০ অক্টোবর থেকে সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের খবর সংগ্রহে সাংবাদিকদের না ডাকার কারণ জানতে চাইলে তথ্যমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান। এ সময় কেব্ল ব্যবসায়ীরা বলেন, তাঁরা অবৈধ কেব্ল অপারেটরদের ব্যবসা বন্ধ করার জন্য মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। কারণ, এতে করে যাঁরা লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন, তাঁরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সময় তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।