লাঠির আঘাতে আহত কিশোরের মৃত্যু
লাঠির আঘাতে আহত মো. পারভেজ (১৫) নামের এক কিশোর গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় পুলিশ জয়নাল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে।সূত্র জানায়, পারভেজ রূপনগরের ছয় নম্বর সেকশনের এক বাড়িতে থাকত। সে বিভিন্ন বাসায় ময়লা-আবর্জনা পরিষ্কার করত। গত বৃহস্পতিবার সে রূপনগরের আরামবাগ এলাকায় এক বাসায় কাজ করতে গেলে সেখানে ওই বাসার মালিকের ব্যক্তিগত গাড়িচালক জয়নালের সঙ্গে কথা-কাটাকাটি হয়। বাগিবতণ্ডার একপর্যায়ে জয়নাল তাকে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে গুরুতর আহত হয় সে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বেলা ১১টার দিকে সে মারা যায়।গতকাল সন্ধ্যা সাতটার দিকে রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। নিহত পারভেজের বাবার নাম মৃত ইউনুস মৃধা।অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে মোহাম্মদপুর থানার সি-ব্লকের এক নম্বর সড়কের এক বাসা থেকে মোছাম্মৎ সীমা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, পারিবারিক কলহের জের ধরে সীমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য ওই বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।