লাল-সবুজের ফেরিওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফেরিওয়ালাদের কাছে এখন শুধু মিলছে লাল আর সবুজ রং। আকারে ছোট, বড়, মাঝারি, কিন্তু রং দুটোই। কারণ, ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে চেনা যায় যে পতাকায়, তার গায়ে তো এই দুই রঙেরই প্রলেপ। কাঁধে একটি বাঁশ নিয়ে বাংলাদেশের নানা আকারের পতাকা সাজিয়ে রাজধানীময় বিক্রি করছেন ফেরিওয়ালারা। রাজধানীর সব জায়গায় এখন পতাকা বিক্রির সমারোহ। বিজয় দিবস সামনে রেখেই এই বিকিকিনি।প্রতিবছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই শুরু হয় পতাকা বিক্রির আয়োজন। চলে বিজয় দিবস পর্যন্ত। পতাকার ফেরিওয়ালারা বিজয় দিবসের আগমনী বার্তা বহন করে আনে এই শহরের মানুষের কাছে।শহুরে ফেরিওয়ালারাই নয়, এই মৌসুমি ব্যবসায় অংশ নিতে ছুটে এসেছে দূর থেকেও কেউ কেউ। মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি গ্রামের বাসিন্দা মো. দুলাল এমনই একজন। চার বছর ধরে প্রতিবছর এই সময়ে ঢাকা শহরে আসেন পেশায় কৃষিজীবী দুলাল। সদরঘাটের মহাজনের কাছ থেকে পতাকা নিয়ে বিক্রি করেন। এ মাসের ৬ তারিখে এসেছেন। এবার তিন হাজার টাকার পতাকা নিয়েছেন। তাঁর কাছে নানা আকারের পতাকা। সবচেয়ে বড় আকারের পতাকাটি তাঁর কেনা ৬৫ টাকায়। আর ছোটটি কেনা পাঁচ টাকায়। সব মাপের পতাকাতেই দ্বিগুণ লাভ। বড় পতাকা বিক্রি করেন ১৫০, ছোটটি ১০ টাকায়। গতকাল দুপুর পর্যন্ত ৬০০ টাকার পতাকা বিক্রি করেছেন। শুরু করেন সদরঘাট থেকে, হেঁটে হেঁটে পতাকা বিক্রি শেষ হয় মিরপুরে গিয়ে। বিজয় দিবসের পরদিন ফিরে যাবেন নিজের গ্রামে। তবে দুলালের কাছে এ শুধু ব্যবসা নয়। বললেন, ‘মনে হয় দ্যাশের ভালোর জন্য একটা কাজ করতাছি।’এখন ফেরিওয়ালার সংখ্যা অনেক বেড়ে গেছে। লাভ তেমন হয় না। তার পরও এই সময়টা আসলে মনটা কেমন করে, তাই কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ছুটে আসেন পতাকা বিক্রেতা মো. খোকন। তিনি ১০ বছর ধরে এ সময় পতাকা বিক্রি করছেন ঢাকায়। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা মেহেদী হাসান তিন সন্তানের জন্য ছোট আকারের তিনটি পতাকা কিনছিলেন কারওয়ান বাজার থেকে। প্রতিবছর এ সময় তাঁর সন্তানদের পতাকা চাই-ই চাই। বিজয় দিবসের দিন সন্তানদের নিয়ে যখন বেরোবেন, সবার হাতে থাকবে পতাকা। হাসানের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি চান তাঁর সন্তানেরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানুক। এই পতাকা ওদের উদ্দীপ্ত করবে গর্বের ইতিহাস জানতে।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ পতাকা বিক্রির এই প্রবণতাকে ইতিবাচক বলে মনে করেন। বছরের একটি-দুটি দিন নানা পেশা, বয়সের মানুষ পতাকা নিয়ে ঘোরে—এটা আনন্দের বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘অন্তত জাতীয় জীবনের এসব গুরুত্বপূর্ণ দিনে রাজনৈতিক নেতারা তোরণ, পোস্টার, বিলবোর্ডে যেভাবে আত্মপ্রচারে মগ্ন থাকেন, এর চেয়ে ঢের ভালো মানুষের এই স্বতঃস্ফূর্ততা।’