লালবাগ কেল্লার আশপাশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের
লালবাগ কেল্লার আশপাশের এলাকায় নিয়মবহির্ভূত নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে এ বিষয়ে নেওয়া কার্যক্রম সম্পর্কে সাত দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।হাইকোর্ট একই সঙ্গে লালবাগ কেল্লার স্থাপনার সৌন্দর্য রক্ষায় ইমারত নির্মাণ বিধিমালা ও প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮-এর বিধান কার্যকর করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও রাজউকের চেয়ারম্যানসহ ১০ জনকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।লালবাগ কেল্লার ঐতিহ্য সংরক্ষণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মবহির্ভূত নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে এ রিট আবেদনটি করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চার আইনজীবী। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আইনের বিধান অনুসারে ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্যহানি ঘটে, এমন স্থাপনা পার্শ্ববর্তী এলাকায় নির্মাণ করা যায় না। এ ক্ষেত্রে নাগরিক কমিটির অনুমতি নিতে হয়। তা উপেক্ষা করে স্থাপনা নির্মাণ করায় রিটটি করা হয়।