লালবাগ কেল্লার পাশে ভবন নির্মাণে প্রত্নতত্ত্ব আইনের বিধান অনুসরণের নির্দেশ
লালবাগ কেল্লার আশপাশের এলাকায় সব ধরনের ভবন নির্মাণের ক্ষেত্রে প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮-এর ১২ ধারা অনুসরণ করে নির্মাণকাজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া নগর কমিটির নির্দেশনা বা অনুমোদন ছাড়া কোনো ভবন যাতে নির্মাণ করা না হয়, তা নিশ্চিত করতেও বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। এ ছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও উদ্দেশ্য) বিধি-২০০৮-এর বিধান কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ ডিসেম্বর আদালত রুল জারি করেছিলেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত বিষয়টি চলমান পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন। এ ছাড়া আদালতের নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে।