লালবাগ কেল্লার ভেতর-বাইরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
লালবাগ কেল্লার ভেতরের ও পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গুরুত্বপূর্ণ এ পুরাকীর্তি রক্ষার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বাঁচাও আন্দোলন’ (পবা) আয়োজিত গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান বক্তারা।‘হুমকির মুখে লালবাগ কেল্লা: রক্ষায় করণীয়’ শীর্ষক ওই আলোচনায় বক্তারা উল্লেখ করেন কেল্লার ভেতরে অবৈধভাবে তিনটি বাড়ি ও কেল্লার দেয়াল ঘেঁষে বেশ কিছু স্থাপনা গড়ে উঠেছে। তাঁরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরাকীর্তি রক্ষায় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।আলোচনায় বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘এ দেশে যথাযথ জায়গায় যথাযথ লোককে বসানো হয় না। যার ফলে অনেক কিছুই হয় না। যেমন বসুন্ধরা গ্রুপ থেকে টাকা নিয়ে বাংলা একাডেমীর একটা গেট করা হয়েছে। এটা কি বাংলা একাডেমীর সঙ্গে যায়? যায় না।’প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আবদুল খালেক বলেন, ‘লালবাগ কেল্লা রক্ষার জন্য সবচেয়ে জরুরি আশপাশের মানুষকে সচেতন করা।’রাজধানী ঢাকার অন্যতম প্রধান ল্যান্ডমার্ক মোগল আমলের এ নিদর্শনের অভ্যন্তরে নতুন স্থাপনা গড়ে ওঠার বিষয়ে তিনি তাঁর দায় স্বীকার করেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মইনুদ্দীন খালেদ। আলোচনায় অন্যদের মধ্যে শিল্পী শিশির ভট্টাচার্য, পবার চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ উপস্থিত ছিলেন।