রাজধানীর লালবাগে বিল্লাল হোসেন (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে পিটুনিতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মীর সাব্বির হোসেন বলেন, গতকাল রোববার সকাল ছয়টার দিকে লালবাগের শহীদনগরের একটি ক্লাব থেকে বিল্লালকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাতটার দিকে সে মারা যায়। নিহত বিল্লালের বাবা লালু মিয়া বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ইউসুফ (৩০) ও শাকিল (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।বিল্লাল নিউমার্কেট এলাকায় ফুটপাতে জুতা বিক্রি করত। তাঁরা লালবাগের আমলিগোলা এলাকার স্থানীয় বাসিন্দা।চারজনের অপমৃত্যু: দক্ষিণখান থানার ওসি লোকমান হাকিম জানান, গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় মাঝি রোডের গাজী কমপ্লেক্স এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে সোহেল রানা (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোহেলের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। পল্লবী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা বলেন, গত শনিবার বিকেলে পল্লবীর ৫ নম্বর সড়কের বি-ব্লক এলাকার এক বাসা থেকে মাকসুদুর রহমান (৩১) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধায়। বাবা মোখলেসুর রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর বাড্ডার আবদুল্লাহবাগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ শরীফ (১৮) নামের এক তরুণ মারা গেছেন। এ ছাড়া গতকাল সকাল ছয়টার দিকে খিলগাঁও এলাকার রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়।