লালবাগে ঝুলন্ত অবস্থায় মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
রাজধানীর লালবাগ থানা এলাকায় হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা থেকে সুমাইয়া আক্তার (১১) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে লালবাগের আমলিগোলা বালুর মাঠসংলগ্ন মিষ্টিগলির ছয়তলা ভবনের ষষ্ঠ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার শৌচাগারের কাপড়ের স্ট্যান্ডের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় সুমাইয়ার হাঁটু ফ্লোরে লাগানো ছিল।
সুমাইয়ার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী মোবারক আলী ও মা পেয়ারা বেগম। তাঁদের বাসা রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত ডিএমসি সরকারি স্টাফ কোয়ার্টারে।
সুমাইয়ার ভাই নয়ন অভিযোগ করে প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে মাদ্রাসার এক হুজুর তাঁকে (নয়ন) ফোন করে মাদ্রাসায় যেতে বলেন। তখন তিনি মা পেয়ারা বেগমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশ ষষ্ঠ তলায় যাবে, এ অজুহাতে তাঁকে ও তাঁর মাকে ওই ভবনে ঢুকতে দেননি মাদ্রাসার কর্তাব্যক্তিরা । তিনি বলেন, তাঁরা ঘটনাস্থলে যাওয়ার পর খবর পেয়ে লালবাগ থানার পুলিশ লাশটি উদ্ধার করে নিয়মানুযায়ী মিটফোর্ড হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয়। তবে তাঁর বাবা ঢাকা মেডিকেলের কর্মচারী হওয়ায় মেয়েকে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য পীড়াপীড়ি করেন। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যান পুলিশ ও স্বজনেরা।
সুমাইয়ার মা পেয়ারা বেগম জানান, আগস্টের ৫ তারিখে সুমাইয়াকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। ছুটিতে গত বৃহস্পতিবার বাড়িতে গিয়ে শনিবার সে মাদ্রাসায় ফেরে। তাঁর অভিযোগ, সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
জানতে চাইলে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, ‘আমরা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যাবে।’