লালবাগে রাস্তা সংস্কারে ধীরগতি, লোকজনের ভোগান্তি চরমে
পুরান ঢাকার লালবাগের জগন্নাথ সাহা সড়কে নর্দমার পাইপলাইন স্থাপন ও সংস্কারের জন্য মাটি খোঁড়ায় তিন মাস ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। এতে লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জগন্নাথ সাহা সড়ক থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তার পাইপ স্থাপন ও পিচ ঢালাইয়ের কাজ নেয় মাইশা ট্রেডিং নামে একটি ঠিকাদারি সংস্থা। ঢাকা সিটি করপোরেশন রাস্তাটি সংস্কারের জন্য প্রতিষ্ঠাটিকে দুই মাসের সময় বেঁধে দেয়। গত ২৫ জুন কাজের মেয়াদ শেষ হলেও রাস্তাটি এখনো পুরোপুরি মেরামত হয়নি। ফলে লোকজনের ভোগান্তির যেন কোনো শেষ নেই। জগন্নাথ সাহা রোডের ওষুধ ব্যবসায়ী সালাউদ্দিন জানান, আড়াই থেকে তিন মাস আগে রাস্তাটির সংস্কারকাজ শুরু হয়। কিছু মাটি খোঁড়ার প্রায় ১৫ দিন পর পাইপ বসানো হয়। এভাবে পুরো রাস্তায় দীর্ঘ সময় অতিবাহিত হয়। আরেক ক্ষুদ্র ব্যবসায়ী রহমত উল্লাহ জানান, রাস্তাটি দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় তাঁদের চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। জগন্নাথ সাহা রোডের স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম জানান, কাজের গতি খুবই ধীর। এক ট্রাক মাটি ফেলার পর এক থেকে দুই সপ্তাহ কোনো মাটি ফেলা হয় না। এভাবে চলতে থাকলে কাজ কত দিনে শেষ হবে, তা নিয়ে এলাকাবাসীর সন্দেহ রয়েছে। তিনি বলেন, রাস্তার ব্যাপারে কেউ প্রতিবাদ করতে গেলে উল্টো তাঁদের নাজেহাল হতে হয়। স্থানীয় যন্ত্রাংশ ব্যবসায়ী জানান, এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক চলাফেরা করে। এখন একটি রিকশা পর্যন্ত এলাকায় ঢুকতে চায় না। সামান্য বৃষ্টি হলে রাস্তায় চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে। স্কুলগামী ছোট শিশুদের ভোগান্তি বেশি হচ্ছে।ঠিকাদারি সংস্থা মাইশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সাইফুর রহমান সোহেল এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, রাস্তার পাইপ স্থাপনের কাজ অনেক আগেই শেষ হয়েছে। এখন পিচ ঢালাই বাকি আছে। তিনি বলেন, রাস্তাটির অনেক স্থানে পানি জমে ছিল। এ কারণে খোঁড়ার পর তা ভেঙে পড়েছে। এ জন্য কাজে বেশি ব্যয় হয়। রাস্তাটি শুকনো হলে কাজ অনেক আগেই শেষ হয়ে যেত। তা ছাড়া পাইপলাইনের জন্য মাটি ভালোভাবে না বসলে তা ভেঙে পড়ার আশঙ্কা থাকে। এক থেকে দেড় সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে বলে জানান তিনি। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের জোন-৩-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ঠিকাদারের নির্দিষ্ট সময় ২৫ জুন শেষ হয়ে গেছে। ১০ দিনের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে তিনি জানান।