লিফট ও শাটার নষ্ট, মালামাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালী বহুতল কাঁচাবাজারে কোনো ব্যবসায়ী যেতে রাজি হচ্ছেন না। এ কারণে তিন বছর আগে নির্মাণ শেষ হলেও সাত শ দোকানের মধ্যে এখন পর্যন্ত একটিরও বরাদ্দ দিতে পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন। ব্যবহার না হওয়ায় দোকানগুলোর শাটার নষ্ট হয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে ভেতরের মালামাল। বন্ধ থাকায় লিফটগুলোও নষ্ট হচ্ছে।
কবে নাগাদ এই কাঁচাবাজার চালু হতে পারে—জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আলাপ-আলোচনাও চলছে।
ডিএনসিসির দায়িত্বশীল সূত্র জানায়, মহাখালী কাঁচাবাজার চালু হওয়ার বিষয়ে গত সপ্তাহেও ব্যবসায়ীদের সঙ্গে মেয়রের বৈঠক হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বাজার না ছাড়ার ব্যাপারে এক জোট হয়েছেন। তাঁরা মহাখালীতে দোকান বরাদ্দ নেওয়ার জন্য কোনো টাকা দিতে রাজি নন। এ কারণে মহাখালী বাজারও চালু করা সম্ভব হচ্ছে না।
বিএনপি জোট সরকারের শেষ সময়ে কারওয়ান বাজারকে মহাখালীতে স্থানান্তরের জন্য ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কাজ শুরু হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার পুরোদমে কাজ শুরু করে। ২০১৩ সালের প্রথম দিকে ভবনের নির্মাণকাজ শেষ হয়।
এই কাঁচাবাজারের জমির দাম ছাড়া শুধু বাজার ভবন নির্মাণেই দেড় শ কোটি টাকা খরচ হয়েছে। বরাদ্দ হওয়ার পরিবর্তে দীর্ঘ সময় এমনি পড়ে থাকায় আর্থিক ক্ষতি হয়েছে। তিন বছরে নির্মাণ খরচের অংশ উঠে আসত। কারওয়ান বাজারের দোকানগুলোর বড় একটি অংশ এখানে স্থানান্তর হওয়ার কথা। কিন্তু ব্যবসায়ী সমিতির মতে, অতিরিক্ত দামের কারণে এখানে বরাদ্দ নেওয়া যাচ্ছে না। প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে ২০ হাজার টাকা। এখানে ৭০০ দোকানের মধ্যে সর্বনিম্ন ঘর ১২০ ফুটের। তার দামই পড়ছে ২৪ লাখ টাকা।
গতকাল সকালে কাঁচাবাজার ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন দোকানঘরের সামনের বন্ধ শাটারগুলোয় জং ধরে আছে। সিঁড়িতে ও লিফটের দরজার সামনে ধুলাবালির স্তর পড়ে গেছে। ঠিকাদারের লোক পরিচয়দানকারী এক ব্যক্তি বলেন, এগুলো পরিষ্কার করা হয়নি অনেক দিন। পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করার মতো কোনো লোকও নেই। ভবনে স্থাপিত বিভিন্ন সেবা সংস্থার অনেক কেব্ল বা তার চুরি হয়ে গেছে এবং হচ্ছে বলে জানান তিনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোও হয়েছে।
ডিএনসিসি সূত্র জানায়, ভবনে ১২০ বর্গফুট থেকে ১৫০ বর্গফুটের দোকানঘর রয়েছে। এর সামনে প্রশস্ত করিডর। নিচে গাড়ি পার্কিং ও বর্জ্য ফেলার আলাদা জায়গাও নির্ধারিত আছে। সাধারণভাবে চলার জন্য ছয়টি এবং মালামাল ওঠানো-নামানোর জন্য দুটি লিফট রয়েছে। রেস্তোরাঁ ও হোটেলসহ ক্রেতা-ব্যবসায়ীদের থাকার আলাদা জায়গাও রাখা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হলে লিফটসহ সবকিছু চালু রাখার জন্য শক্তিশালী জেনারেটর রয়েছে। তা ছাড়া একই সঙ্গে অন্তত ১০০ ট্রাক রাখার জায়গা আছে কাঁচাবাজারের সামনে সীমানাদেয়ালের ভেতর। যাতে রাস্তায় কোনো ট্রাক দাঁড় করাতে হয়। তবে বাজারের ব্যবসায়ীরা এসব সুবিধা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন।
কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মহাখালীতে আড়তের জন্য জায়গা করা হয়নি। রাতের বেলায় হাজার হাজার ট্রাক আসা-যাওয়া করবে। ১০০টি ট্রাক রাখার জায়গায় কিছুই হবে না।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ বলেন, কারওয়ান বাজারকে অবৈধ স্থাপনা ও কোলাহলমুক্ত করা হবে। নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠকও হচ্ছে। তিনি বলেন, মহাখালী কাঁচাবাজারে কোনো দোকানঘরের মূল্য খরচ অনুপাতে রাখা হয়েছে। আড়তদারদের মধ্যে যাত্রাবাড়ী কাঁচাবাজারে ৮৭২ জন বরাদ্দ নিচ্ছেন। আমিনবাজারেও প্রায় আড়াই শ ব্যবসায়ী যাচ্ছেন।