লিবিয়া থেকে ফিরেছেন আরও ২২১৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে গতকাল বৃহস্পতিবার আরও দুই হাজার ২১৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভাড়া করা সাতটি বিমানে তাঁরা দেশে আসেন। এ নিয়ে আইওএমের মাধ্যমে দেশে এলেন ২০ হাজার ৫৫৪ জন বাংলাদেশি। আইওএম বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর জানান, বৃহস্পতিবার সাতটি ফ্লাইটে দুই হাজার ২১৯ জন দেশে ফিরেছেন। বুধবার আটটি ফ্লাইটে ফিরেছেন দুই হাজার ৫৭৪ জন। ২৭ মার্চের মধ্যে সীমান্তে যাঁরা আছেন, তাঁদের সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হবে।আইওএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা জানিয়েছেন, এখনো লিবিয়া থেকে কিছু বাংলাদেশি সীমান্ত অতিক্রম করছেন বলে খবর আসছে। অচিরেই তাঁদের পরিসংখ্যান সংগ্রহ করে সেবা ও প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে। পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল পর্যন্ত সব মিলিয়ে লিবিয়া থেকে বিভিন্নভাবে প্রায় ২৫ হাজার বাংলাদেশি ফিরেছেন।