লিবিয়াফেরত বাংলাদেশিদের ২৩ জুলাই থেকে আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়াফেরত বাংলাদেশিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৩ জুলাই থেকে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করবে সরকার। গত রোববার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শতকরা ১২ টাকা সুদে বিদেশফেরত শ্রমিকদের ঋণ দিচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক। ঋণগ্রহীতাদের সম্পত্তি বন্ধক রেখে প্রাথমিকভাবে দুই বছরের ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে সৌদি আরবফেরত একজন শ্রমিককে পুনর্বাসন ঋণের দুই লাখ টাকার চেক তুলে দেন প্রবাসীকল্যাণমন্ত্রী।লিবিয়াফেরত বাংলাদেশি কর্মীদের আর্থিক সহায়তার জন্য বাংলাদেশ সরকার বিশ্বব্যাংক থেকে ৪০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এই টাকা থেকে বাংলাদেশিদের প্রত্যাবাসনের খরচ মেটাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ১০ হাজার কর্মীর বিমান ভাড়ার খরচ হিসাবে ১২ দশমিক ছয় মিলিয়ন ডলার দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশি শ্রমিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) মাধ্যমে লিবিয়াফেরতদের অর্থ বিতরণের জন্য গত ১৪ জুন সচিবালয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আইএমওর চুক্তি স্বাক্ষর হয়।এর আগে মন্ত্রী বিদেশফেরত শ্রমিকদের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে পুনর্বাসন ঋণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রবাসীকল্যাণ সচিব ও প্রবাসীকল্যাণ ব্যাংকের চেয়ারম্যান জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী ও প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামী উপস্থিত ছিলেন। পুনর্বাসন ঋণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সঠিক ও নিরাপদ পথে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশে আনা, অভিবাসন ঋণ প্রদান ও বিদেশফেরত শ্রমিকদের পুনর্বাসন ঋণ সহায়তা দেওয়া হবে।