লিভ টু আপিলের শুনানি ১৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটরদের হিসাব নিরীক্ষায় দুটি প্রতিষ্ঠানকে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের আদেশে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ১৪ জুলাই লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।আদালতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও রিট আবেদনকারীর পক্ষে শেখ মোহাম্মদ মোরশেদ মামলা পরিচালনা করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশের মেয়াদ এক সপ্তাহের জন্য বাড়িয়ে ১৪ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে। এর ফলে চলমান দুই মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে কে এম আলম অ্যান্ড কোম্পানির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ জুন হাইকোর্ট দুটি নিরীক্ষণ প্রতিষ্ঠানকে দেওয়া নিয়োগের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ জুলাই আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা এক সপ্তাহের জন্য স্থগিত করেন। একই সঙ্গে বিটিআরসির করা লিভ টু আপিল শুনানির জন্য ১০ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি গতকাল শুনানির জন্য কার্যতালিকায় আসে।