লুট হওয়া ৭৫ লাখ টাকার কাপড় উদ্ধার
কাভার্ড ভ্যানভর্তি জিনস কাপড় লুটের ঘটনায় গত বুধবার রাতে রাজধানী থেকে কামাল নামে আরও একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে মোট তিনজনকে আটক করা হলো। আটক হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী লুট হওয়া প্রায় ৭৫ লাখ টাকার কাপড় উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মাদ সোলাইমান জানান, গত ৩১ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ক্যাসিওপিয়া গার্মেন্টসের কাভার্ড ভ্যানভর্তি ৮০ লাখ টাকার জিনসের কাপড় ও এক্সেসরিজ ছিনতাই হয়। ঘটনার পরপরই নোয়াখালীর চাটখিল থেকে ভ্যানের চালক আলী হোসেনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যানুযায়ী গত ৩০ এপ্রিল চট্টগ্রাম থেকে ঘটনায় জড়িত মামুন নামের একজনকে আটক করা হয়। মামুনের তথ্যানুযায়ী গত বুধবার রাতে ওই চক্রের আরেক সদস্য কামালকে আটক করে ডিবি। কামালের স্বীকারোক্তি অনুযায়ী কোতোয়ালি থানাধীন বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের একটি গুদাম থেকে ১৭৯ রোল কাপড় উদ্ধার করা হয়। কর্মকর্তারা বলেছেন, এর অনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।