লুভা নাহিদের অতুলসন্ধ‍্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল একক সংগীতসন্ধ্যায় অতুলপ্রসাদের গান পরিবেশন করেন লুভা নাহিদ চৌধুরী l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল একক সংগীতসন্ধ্যায় অতুলপ্রসাদের গান পরিবেশন করেন লুভা নাহিদ চৌধুরী l ছবি: প্রথম আলো

জাদুঘরে প্রায় অচেনা একজন শিল্পী গান করবেন। তাই বলে মাত্র ১৪৭ আসনের মিলনায়তন? আসরটি স্থানান্তর করা হলো প্রায় পাঁচ গুণ বড় মিলনায়তনে এবং শ্রোতায় ভরে উঠল সেটি। শিল্পী লুভা নাহিদ চৌধুরীর কণ্ঠ সংগীতপ্রেমীদের চেনা। বছরজুড়ে রাজধানীর গানপিয়াসীদের সামনে গুণী ও কিংবদন্তি সব শিল্পীকে উপস্থাপন করেন তিনি। শিল্পকলার সেবা করতে গিয়ে নিজের সংগীতচর্চার ফুরসত মেলে না তাঁর। কিন্তু আসরে দর্শক উপস্থিতি জানান দিচ্ছিল, অনেক মানুষ জানেন তাঁর চমৎকার গায়কির কথা। মূলত বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন এই শিল্পী।

গতকাল শনিবার সন্ধ‍্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল লুভা নাহিদ চৌধুরীর একক সংগীতসন্ধ‍্যা। আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে সপ্তাহব‍্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় সন্ধ‍্যায় এই আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর। সকালে ছিল সেমিনার। এ সন্ধ্যায় অতুলপ্রসাদ সেনের একগুচ্ছ গান গেয়ে শোনান এই শিল্পী। শুরু করেন অতুলের ‘এসো গো একা ঘরে’ গানটি দিয়ে। তানপুরা বাজিয়ে একে একে তিনি গেয়ে শোনান, ‘আমি সারা সকাল বসে বসে’, ‘তুমি কবে আসিবে মোর আঙিনায়’, ‘কে যেন ডাকিছে মোরে’, বাউলাঙ্গের গান ‘ওরে বন তোর বিজনে সঙ্গোপনে’, গজল প্রভাবী গান ‘বল গো সজনী কেমনে ভুলিব’, কীর্তন অঙ্গের ‘আজি এ নিশিতে সখি’, বৈতালিক গান ‘ক্রন্দসী পথচারিণী তুমি কোথা যাও’। নিজের সংগীতশিক্ষার শুরুর দিকে শেখা অতুলের ‘আমার ঘুম ভাঙানো চাঁদ’ গানটি গাওয়ার আগে জানান, এটি তাঁর অন্যতম প্রিয় গান।

বাইরে খুব বেশি গান করা হয় না বলে একটু শঙ্কা হচ্ছিল লুভা নাহিদ চৌধুরীর। গানের ফাঁকে ফাঁকে তিনি কথা বলেন তিন কবি অতুলপ্রসাদ সেন, ডি এল রায় ও রজনীকান্ত সেনকে নিয়ে। শ্রোতাদের অবগত করেন, লন্ডনে ছিলেন বলে প্রথম দুই কবির পশ্চিমা গানের রীতি জানা ছিল। ফলে নিজেদের গানে সেসবের ছোঁয়া রেখেছেন তাঁরা। রবীন্দ্রনাথের গানের জনপ্রিয়তা যখন মধ‍্যগগনে, তখন গান লিখেছেন এই কবিরাও। গুরুত্বের সঙ্গে তাঁদের গানগুলোর চর্চাও হওয়া দরকার বলে মনে করেন এই শিল্পী।

অতুলপ্রসাদ সম্পর্কে শিল্পী বলেন, অতুলের ব‍্যক্তিজীবন দুঃখের ছিল বলেই হয়তো এমন হৃদয়গ্রাহী সব গান বাঁধতে পেরেছিলেন তিনি। এ ছাড়া পূর্ববঙ্গের বাউলগানের সুর অতুলকেও স্পর্শ করেছিল। সে জন‍্য বাউলাঙ্গের গানও লিখেছেন এই কবি। অতুলপ্রসাদ ছাড়াও রজনীকান্ত ও ডি এল রায়ের দুটি গানও গেয়ে শুনিয়েছেন তিনি।

এ ছাড়া দরবারি রাগে ঝাঁপতালে তিনি গেয়ে শোনান চল্লিশের দশকের ‘বাজে মৃদঙ্গ বীণা’, ১৯৩৮ সালে হিমাংশু দত্তের সুর করা ‘ঝরানো পাতার পথে’, পশ্চিমা ঢঙের সুরে রজনীকান্তের ‘বেলা যে ফুরায়ে যায়’ গানগুলো। শেষ করেন অতুলের চেনা ‘বধুয়া নিঁদ নাহি আঁখিপাতে’ গানটি দিয়ে। প্রতিটি গানেই মুহুর্মুহু করতালি দিয়ে তাঁকে অভিনন্দিত করছিলেন শ্রোতারা। আসরের মোট ১৪টি গানের বেশির ভাগই ছিল অতুলপ্রসাদ সেনের চমৎকার সব গান। বলা যায়, এটি ছিল লুভার অতুলনীয় এক অতুলসন্ধ‍্যা।

এই আসরে গান শুনতে এসেছিলেন চিত্রশিল্পী হাশেম খান, লেখক বদরুদ্দীন উমর, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম‍্যান আবুল খায়ের প্রমুখ। স্বাগত জানান জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, ছিলেন জাদুঘরের কিপার নূর-এ-নাসরিন।

তবে গত সন্ধ‍্যার আয়োজন নিয়ে খানিকটা বিব্রত ছিলেন আয়োজকেরা। কবি সুফিয়া কামাল মিলনায়তন থেকে আকস্মিকভাবে দর্শকদের নেওয়া হয় প্রধান মিলনায়তনে। সেখানকার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো বিকল থাকায় গরমে বেশ কষ্ট পেতে হয়েছে শিল্পীদের।

এই অপ্রস্তুত পরিস্থিতির জন‍্য দুঃখ প্রকাশ করেছেন ফয়জুল লতিফ চৌধুরী। জানিয়েছেন, ভবিষ‍্যতে এ রকম পরিস্থিতি এড়াতে সচেষ্ট হবেন তাঁরা। বিলম্বে অনুষ্ঠান শুরু করায় শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করেন শিল্পী নিজেও।