রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল মঙ্গলবার গুলশান লেক দখলমুক্ত অভিযান শুরু করেছে। তবে এদিন পাকা বা বহুতল কোনো স্থাপনা ভাঙা হয়নি। লেকের পূর্বপাড়ে শাহজাদপুর এলাকায় অবৈধভাবে স্থাপিত কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ভাঙা হয়। রাজউক কর্তৃপক্ষ বলেছে, ‘পর্যায়ক্রমে’ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। গতকাল বেলা ১১টায় রাজউকের অভিযান শুরু হয়। একটি বুলডোজার ও ৭০ জন শ্রমিক নিয়ে রাজউক এ অভিযান চালায়। এ সময় দুই প্লাটুন পুলিশ মোতায়েন ছিল। অভিযানে প্রধানত মানারাত বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে লেক ভরাট করে তৈরি বাঁশ ও টিনশেড ঘর এবং দোকান ভাঙা হয়। অভিযান চলে বিকেল প্রায় সাড়ে তিনটা পর্যন্ত।রাজউকের শ্রমিকেরা লেকের পাড়ে রিগজ ফিশারিজের কার্যালয় ভাঙতে গেলে তাদের বাধা দেওয়া হয়। মালিকপক্ষ দাবি করে, মত্স্য উন্নয়ন অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে ওই স্থাপনা নির্মাণ করা হয়েছে। তবে রাজউকের কর্মকর্তারা জানান, এ ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার মত্স্য অধিদপ্তরের নেই। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট কার্যালয়টি ভেঙে ফেলার নির্দেশ দিলে রিগস ফিশারিজের কর্মকর্তারা বুলডোজার ব্যবহার না করার অনুরোধ করেন এবং পরে নিজ উদ্যোগে ভাঙা শুরু করেন।