লেক ভরাট করে স্থাপনার কাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে রূপনগর লেক ভরাট করে সেখানে অবৈধভাবে ঈদগাহ ও পার্ক তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, রূপনগর লেকের একটি বড় অংশজুড়ে ভরাট কাজ চলার অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সেখানে অভিযান চালিয়ে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেখানে আরামবাগ ঈদগাহ ময়দান ও বঙ্গবন্ধু শিশু উদ্যানের নামে লেক ভরাট করছিল পল্লবী আরামবাগ কল্যাণ সমিতি নামে একটি সংগঠন।স্থানীয় ব্যক্তিরা জানান, এ বছরেই এই কল্যাণ সমিতির কার্যক্রম শুরু হয়েছে। এর তত্ত্বাবধানে রয়েছেন ক্ষমতাসীন দলের লোকজন। তাঁদের দাপটে কেউ এ বিষয়ে অভিযোগ করার সাহস পায় না। ধীরে ধীরে দখলদাররা এখানে বাড়িঘর তুলছে। জানা গেছে, ভরাট করা জমির পরিমাণ প্রায় সাড়ে তের কাঠা।জানতে চাইলে কল্যাণ সমিতির সদস্য আবদুল কাইয়ুম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁরা মোটেও লেক ভরাট করছিলেন না। বরং কেউ যাতে এটি দখল করতে না পারে সে জন্য তাঁরা এর দেখভাল করছিলেন। তিনি জানান, গত ঈদুল ফিতরের আগে লেকের অংশ বেদখল হতে থাকলে বিষয়টি তাঁরা স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহকে জানান। সাংসদ বিষয়টি বিবেচনা করে সেখানে ঈদগাহ ও একটি শিশুপার্ক করার কথা বলেন। পরে তাঁরা মাঠটি তত্ত্বাবধানের কাজ শুরু করেন। আবদুল কাইয়ুম বলেন, ঈদুল ফিতরে ইলিয়াস উদ্দিন মোল্লাহ এই মাঠের উদ্বোধন করেন ও নামাজ আদায় করেন। এ সময় সাংসদ এই মাঠ ঈদগাহ হিসেবে বরাদ্দের জন্য সরকারি অনুমতি নেবেন বলে আশ্বাস দেন। এ জন্য তিনি ঢাকা সিটি করপোরেশন ও গৃহায়ণ কর্তৃপক্ষকে চাহিদাপত্রও দিয়েছিলেন।রূপনগর লেক ভরাটের অভিযোগে গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ওই এলাকায় অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধের নির্দেশ দেয়। গতকাল শনিবার লেক ভরাটের জন্য পল্লবী আরামবাগ কল্যাণ সমিতির সদস্যদের অধিদপ্তরে তলবও করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ভূমি দস্যুদের সিন্ডিকেট লেকটি গ্রাস করার জন্য ঈদগাহ ও পার্কের নামে কৌশলে মাটি ভরাট করে ঘরবাড়ি তুলছিল। মুনীর চৌধুরী বলেন, গৃহায়ণ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় লেক ভরাটের কাজে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর সঙ্গে যোগাযোগ করলে তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।